পাহাড়ধসে ভীত নন বাসিন্দারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে টানা দুদিন ভারী বৃষ্টিপাত হচ্ছে। ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতের পাশাপাশি পাহাড়ধসের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রশাসনে তোড়জোড় বেড়েছে। কিন্তু ভীত নন পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা।
বৃষ্টির শুরুর পর শুক্রবার থেকে নগরের বিভিন্ন পাহাড়ের আশপাশে মাইকিং শুরু করে প্রশাসন। প্রশাসনের কর্মকর্তারা সশরীরে গিয়ে পাহাড় থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন বাসিন্দাদের। এই অবস্থায় গতকাল শনিবার থেকে জোরপূর্বক পাহাড় থেকে নামিয়ে আনার কার্যক্রম শুরু হয়। কিন্তু কার কথা কে শোনে।
সরেজমিনে দেখা গেছে, গতকাল সকালে নগরের মতিঝর্ণা, বাটালি পাহাড়, টাংকি পাহাড় এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদেরের নেতৃত্বে একটি দল বাসিন্দাদের জোরপূর্বক ঘর থেকে বের করে দিচ্ছে। তাঁদের পার্শ্ববর্তী স্কুলে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু স্কুলে গিয়ে দেখা যায় সেখানে ২০ জনের মতো রয়েছেন। বাকিরা আবার ঘরের দিকে চলে গেছেন।
এ বিষয়ে এস এম আবদুল কাদের বলেন, ‘আমরা শতাধিক পরিবারকে ইতিমধ্যে পাহাড় থেকে নামিয়ে এনেছি। কিন্তু এই নামিয়ে আনি, ঘুরেফিরে আবার চলে আসে। সেজন্য আমরা বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ৬৬৬ ঝুঁকিপূর্ণ পরিবারকে জোরপূর্বক বের করার প্রক্রিয়া চালাচ্ছি।’
পাহাড় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গত সপ্তাহের সভায় পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে তাদের গ্যাস, বিদ্যুৎ ও পানিসংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২৫ জুন থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু আকস্মিক বৃষ্টি শুরু হওয়ায় উচ্ছেদ কার্যক্রম এগিয়ে আনা হয়।
টাংকির পাহাড় থেকে কুলসুম নামের এক নারী ও ছেলেমেয়েদের ঘর থেকে বের করে দেওয়া হয়। তাঁদের স্কুলে চলে যেতে বলা হয়। কিন্তু ঘর থেকে বের হয়ে দোকানের সামনে এসে তিনি এবং আরও অনেকে জড়ো হতে থাকেন।
জানতে চাইলে কুলসুম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি। কখনো দুর্ঘটনা হয়নি। এখন কোথায় যাব?’
উচ্ছেদ কার্যক্রমে সহায়তা করছিলেন পুলিশ সদস্যরা। সিএমপির পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) দীপক জ্যোতি খীসা বলেন, কেউ বের হতে চায় না। জোর করে বের করে আনা হচ্ছে।
টাংকির পাহাড়ে ২০১৩ সালে পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছিল। এর পরও এখানকার লোকজনের মধ্যে কোনো ভয়ের চিহ্ন মাত্র নেই। তাঁদের মতে, নিজের ঘরটি নিরাপদ, অন্যগুলো ঝুঁকিপূর্ণ।
সহকারী কমিশনার (ভূমি) রেজাউর রহমানের নেতৃত্বে অপর একটি দল নগরের রৌফাবাদ মিয়ার পাহাড় এলাকায় লোকজনকে নিরাপদে সরিয়ে আনার কাজ করেছে গতকাল। সেখানে প্রায় ৩০০ পরিবারকে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন রেজাউর রহমান।
তবে বাসিন্দাদের কেউ কেউ পুনরায় ঘরে ফিরে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দৃষ্টির বাইরে অনেক ঝুঁকিপূর্ণ: প্রশাসনের হিসাবে চট্টগ্রামের ১১টি পাহাড়ে মোট ৬৬৬টি পরিবার অধিক ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি এই তালিকাটি করা হয়। তাদেরই মূলত পাহাড় থেকে নামিয়ে আনার কাজ চলছে।
তবে ওই তালিকার বাইরে আরও পরিবার পাহাড়ের ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। সেটা স্বীকারও করেছেন প্রশাসন।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের বলেন, ‘এর বাইরে কিছুটা কম ঝুঁকিপূর্ণ রয়েছে। বলা যায় না কোথায় কখন কী হয়। তবে আমরা প্রথমে তালিকা ধরে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছি।’