পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসের ঘটনায় একটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের পাঁচটি স্থানে ও সাজেক-বাঘাইহাট সড়কের দুটি স্থানে পাহাড় ধসে পড়ে। এতে সড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ধসের ঘটনার পর সেনাবাহিনীর ১৯ ইসিবি এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) মাটি সরানোর কাজ শুরু করে। মাটি সরানোর পর বেলা সাড়ে তিনটার দিকে বাঘাইহাট-সাজেক সড়কে যান চলাচল শুরু হয়। তবে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে এখনো যান চলাচল বন্ধ।
সওজ ও স্থানীয় সূত্র জানায়, বাঘাইহাট-সাজেক সড়কের ৮ নম্বর পাড়া ও ধাব আদাম এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। আর বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের জুম্মবী আদাম এলাকার পাঁচটি স্থানে পাহাড় ধসে পড়ে। গতকাল বিকেল পর্যন্ত ওই সড়কের দুটি স্থান থেকে মাটি সরানো সম্ভব হয়। বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদের ছুটিতে বাড়ি আসা মানুষ বিপাকে পড়েছেন।
খাগড়াছড়ি জিপ ও বাস মালিক গ্রুপের বাঘাইছড়ি প্রতিনিধি জগৎ দাশ বলেন, ‘বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক থেকে মাটি সরানো না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আমরা টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছি।’
সওজের খাগড়াছড়ির সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, আজ শনিবার বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক থেকে মাটি সরানোর কাজ আবার শুরু করা হবে।