পাহাড়ি গ্রামটিতে খাবার পানির কষ্ট
ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের কোলঘেঁষে বাংলাদেশ সীমানায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গ্রাম নওকুচি। এখানে ৭১টি পরিবারের বাস। কিন্তু নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। পাহাড় থেকে নেমে আসা একটি ঝরনা থেকে গ্রামের মধ্যদিয়ে যাওয়া একটি ঝুড়াই (ছড়া) গ্রামবাসীর খাবার পানির একমাত্র ভরসা।
সম্প্রতি ওই গ্রামে গেলে কয়েকজন বাসিন্দা জানান, নভেম্বর থেকে মে পর্যন্ত এখানে খাবার পানির তীব্র সংকট থাকে। এলাকাটি পাহাড়ি হওয়ায় মাটির নিচে পাথর; তাই নলকূপ স্থাপন করা যায় না। তবে রিংটিউবয়েল বসানো সম্ভব। কিন্তু রিংটিউবয়েল বসানোর সামর্থ্য তাদের নেই। শুষ্ক মৌসুমে গ্রামবাসীকে ওই ছোট ঝুড়ার ওপরই নির্ভর করতে হয়। ১০ থেকে বড়জোড় ১২ ফুট প্রস্থের এই ঝুড়ার বুকে প্রতিদিন গ্রামের নারীরা গর্ত তৈরি করেন। ঝুড়ার বালুর ফাঁক দিয়ে চুইয়ে গর্তে জমা পানিতেই মেটে পরিবারগুলোর খাবার পানির প্রয়োজন।
আদিবাসী অধ্যুষিত গ্রামটিতে মূলত গারো, কোচ ও বানাই সম্প্রদায়ের বাস।
গারোপাড়ায় একটি নলকূপ থাকলেও বেশির ভাগ সময় তা নষ্ট থাকে। তা ছাড়া নওকুচি এবং অন্যান্য পাড়া থেকে নলকূপটি বেশ দূরে। ফলে পাহাড়ি পথ বেয়ে এই নলকূপ থেকে পানি সংগ্রহ করাও কষ্টের। বেশ কিছুদিন আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় গ্রামটিতে তিনটি রিংটিউবয়েল (কুয়া তৈরি করে নলকূপ) স্থাপন করা হলেও এখন সেগুলোও পরিত্যক্ত।
গ্রামের গারো সম্প্রদায়ের প্রধান প্রদীপ সাংমা বলেন, ‘সারা গেরামে একটা মাত্র টিউবয়েল। তাও তিন দিন ভালো থাকলে চার দিন নষ্ট। নিজেগর টেহায় রিংটিউবয়েল দিয়নের সমর্থ আমাগের নাই।’
কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রব সরকার বলেন, ‘পাহাড়িরা অনেক দিন ধরেই বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় তাদের জন্য কিছুই করতে পারছি না।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান বলেন, শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির জন্য আদিবাসীরা প্রতিবছরই কষ্ট করে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে এখানে রিংটিউবয়েল বসানো হবে।