পাহাড়ি ছাত্র পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া থেকে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহার এবং রাঙামাটির কাউখালীতে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে দুটি সংগঠন। গতকাল শনিবার বিকেলে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জিকো মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শান্ত চাক, যুব ফোরামের সহসভাপতি সুমন চাকমা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া ও পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুপিটার চাকমা।
বক্তারা বলেন, বিমাতাসুলভ আচরণের কারণে পার্বত্য অঞ্চলের ১১টি জাতিসত্তার অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকায় ভূমি দখল, নারী ধর্ষণ, খুনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। পর্যটনের নামে পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে। এ ছাড়া ধর্ষকদের শাস্তি না হওয়ায় নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলছে। বক্তারা অবিলম্বে খাগড়াছড়ির বাবুছড়া থেকে বিজিবির সদর দপ্তর প্রত্যাহার করে পাহাড়িদের নিজ ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।