পাহাড়ি দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে গত শনিবার গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পার্বত্য চট্টগ্রামের ছাত্রদের দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হন।

তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুটি সংগঠন হলো শান্তিচুক্তির পক্ষের জনসংহতি সমিতি (জেএসএস) ও শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আহত ব্যক্তিরা হলেন অর্থনীতি বিভাগের রুবেল চাকমা, গণিত বিভাগের সুকান্ত চাকমা, লোকপ্রশাসন বিভাগের অন্তু মারমা, দর্শন বিভাগের তরুণ চাকমা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাই প্লা মারমা ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিমন চাকমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় ইউপিডিএফের সদস্যরা পোস্টার সাঁটাতে গেলে প্রতিপক্ষ সংগঠন জেএসএসের সদস্যরা তাতে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় সংগঠনের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে সংঘর্ষের বিষয়ে পরস্পরকে দোষারোপ করেছেন উভয় সংগঠনের সদস্যরা। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, পাহাড়ি দুটি ছাত্রসংগঠনের সদস্যরা কোনো প্রকার সংঘর্ষে জড়াবে না বলে তিন মাস আগে মুচলেকা দিয়েছিল। কিন্ত তারা কথা রাখেনি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।: