পাহাড়ি শিশুদের মাতৃভাষার পাঠ্যবই দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি পাঁচটি জনগোষ্ঠীর শিশুদের আগামী বছর থেকে মাতৃভাষায় প্রাক্-প্রাথমিক শ্রেণির পাঠ্যবই দেওয়া হবে। এ লক্ষ্যে পাঠ্যবই প্রণয়ন ও উপকরণ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কর্মশালা শেষ করে প্রকাশের জন্য মুদ্রণে পাঠানো হবে।
বান্দরবানে গতকাল বুধবার পাঠ্যবই প্রণয়ন ও উপকরণ তৈরির কাজে পাঁচ ভাষার বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত পাঁচ দিনের কর্মশালা শেষে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক শিক্ষাক্রমের দায়িত্বপ্রাপ্ত সদস্য আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন।
তবে প্রাথমিক শিক্ষা বিভাগে এখনো শিক্ষক প্রশিক্ষণ, জনমিতিক মানচিত্র তৈরিসহ প্রয়োজনীয় কোনো উদ্যোগ না থাকায় আগামী বছরেও পাহাড়ি শিশুদের মাতৃভাষায় পাঠদান শুরু করা যাবে কি না, অনিশ্চয়তা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
পাঠ্যবই প্রণয়নের ভাষাগোষ্ঠীর বিশেষজ্ঞরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের গারো ও সাঁদ্রি (সাঁওতাল, বর্মণসহ কয়েকটি সম্প্রদায়ের ভাষা) ভাষার শিশুদের জন্য ২০১৫ সাল থেকে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার কথা ছিল। কিন্তু পাঠ্যবই প্রণয়নের কাজ শেষ না হওয়ায় চলতি বছরেও শুরু করা যায়নি।
গারো ভাষায় পাঠ্যবই প্রণয়নের বিশেষজ্ঞ বাঁধন আরেং বলেন, জাতীয় শিক্ষাক্রমের প্রণীত পাঠ্যবইয়ের সবকিছু ঠিক রেখে কিছু গারো ছড়া, কবিতা ও ছবি সংযোজন করা হচ্ছে।
সাঁদ্রি ভাষায় পাঠ্যবই প্রণয়নের বিশেষজ্ঞ অজিত কুমার সরদার বলেন, পাঠ্যবই সরবরাহ দেওয়া হলেও প্রাথমিক শিক্ষা বিভাগের প্রস্তুতি না থাকলে আগামী বছরেও পাহাড়ি শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক চালু করা সম্ভব হবে কি না, সন্দেহ-সংশয় রয়েছে। বান্দরবান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় পাঠ্যবই প্রণয়নের ব্যাপারে তাঁরা শুনেছেন। কিন্তু পাঠদানের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কাজ এখনো মাঠপর্যায়ে শুরু হয়নি।
এনসিটিবির সদস্য আবদুল মান্নান বলেন, এনসিটিবির কাজ হচ্ছে পাঠ্যবই প্রণয়ন ও উপকরণ তৈরি করা। কখন ওই পাঠ্যবইয়ে পাঠদান শুরু করা হবে, সেই সিদ্ধান্ত ও প্রস্তুতি নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।