পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল
বান্দরবানে আলীকদমে পাহাড়িদের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। গতকাল বুধবার নগরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতা-কর্মীরা প্রেসক্লাবে যান। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বান্দরবানের আলীকদমে ১৮ এপ্রিল তিন বাঙালি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের ওপর হামলা চালানো হয়। পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। হামলায় এক ত্রিপুরা দম্পতি আহত হন।
বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তিন বাঙালি ব্যবসায়ীর হত্যাকাণ্ডের আসল ঘটনা উদ্ঘাটন করার জন্য সরকারের কাছে দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বিজয় চাকমা, ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পিসিপি নগর শাখার সহসভাপতি পলাশ চাকমা ও যুবনেতা রসকিত চাকমা।