পাহাড়ে কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তির ব্যবহার জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাঙামাটিতে এক আলোচনা সভায় বক্তারা পাহাড়ে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার কথা বলেছেন। একই সঙ্গে জুমচাষের মাধ্যমে কীভাবে ফলন আরও বাড়ানো যায়, সে জন্য প্রয়োজনীয় গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল শুক্রবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়।
রাঙামাটি জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমণী কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। তিনি বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।
রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার বলেন, সুষম বণ্টনের ব্যবস্থা নিশ্চিত করতে পারলে দেশে আর খাদ্যাভাব হবে না।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কর্মসূচি ব্যবস্থাপক কাজল তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের বিশাল গ্রামীণ জনগোষ্ঠী খাদ্যনিরাপত্তায় জুমচাষের ওপর নির্ভরশীল। কিন্তু জুমচাষ দেশের কৃষিতে স্বীকৃত নয়। উচ্চফলনশীল বীজ ও আধুনিক কৃষি উপকরণ দিয়ে চাষকে আধুনিকায়ন করলে জুমখেতে উৎপাদন অনেক বাড়ানো যাবে। পার্বত্য চট্টগ্রামে ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের দাবি জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটির অতিরিক্ত উপপরিচালক (শস্য) তপন কান্তি পাল বলেন, রাঙামাটি জেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় কৃষি উৎপাদনের জমি খুবই অপ্রতুল। পাহাড়ে আধুনিক কৃষিব্যবস্থা প্রচলনের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন, জলবায়ু পরিবর্তন কৃষির জন্য বড় চ্যালেঞ্জ। এ বছর অতিবৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে আমনের উৎপাদন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে চাষিদের।