পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি নিরবচ্ছিন্ন উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রোধে প্রতিবছর সভা হয়। কমিটিও হয়। সভা ও কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি কম। প্রতিবছর কমিটির সদস্য বদল এবং নিরবচ্ছিন্ন উদ্যোগের অভাবে ঝুঁকিপূর্ণ বসতি রোধে সফলতা কম বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

সূত্রে জানা গেছে, পাহাড় ব্যবস্থাপনা কমিটি গত বছরের ২ জুলাই নবম সভা করে। ওই সভায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ এক সপ্তাহের মধ্যে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি ছিল কম।

এক বছর পর ৬ জুন পাহাড় ব্যবস্থাপনা কমিটির আরেক সভায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে নতুন করে কথা উঠেছে। ইতিমধ্যে কমিটির সভাপতি ও সদস্যসচিব পদে পরিবর্তন এসেছে। নতুন সভাপতি বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ ওই সময়ের সিদ্ধান্ত এত দিনে বাস্তবায়ন না হওয়ার ব্যাপারে জানতে চান। পাশাপাশি এক মাসের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করার নতুন নির্দেশ দেন তিনি।

তখন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন বিদায়ী বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। সদস্যসচিব পদেও পরিবর্তন এসেছে। তখনকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসমাইল হোসেনের বদলির কারণে এখন এই দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির।

এ বিষয়ে জানতে চাইলে সদস্যসচিব হুমায়ুন কবির বলেন, ‘পদাধিকারবলে আমরা এসব কাজ করি। আর আমাদের নানা রকম কাজ থাকে, যার কারণে সব সময় লেগে থাকা সম্ভব হয় না। তবে এখন আমরা লেগে আছি।’

জেলা প্রশাসন ইতিমধ্যে নগরের টাইগার পাস এলাকায় শতাধিক ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য শতাধিক তাঁবু করে অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছে। আরও অস্থায়ী পুনর্বাসন প্রক্রিয়াধীন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। চলতি বছর এ জন্য অস্থায়ী পুনর্বাসন নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সর্বশেষ সভায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দার সংখ্যা নির্ধারণে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নকরণের পাশাপাশি ওই কমিটিও কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। পরিবেশকর্মী জন-উদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, ‘কমিটি হয়, সিদ্ধান্তও হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে যদি লেগে থাকা যায়, তাহলে সুফল পাওয়া যেত। কিন্তু এ বছর যাঁরা কমিটিতে আছেন, পরের বছর তাঁরা অন্য জায়গায় বদলি হয়ে যান। এ কারণে সফলতা কম আসে।’

তবে সদস্যসচিব হুমায়ুন কবির বলেন, ‘এবার আমরা অন্তত কিছু লোকের স্থায়ী পুনর্বাসনেরও চিন্তাভাবনা করছি।’ প্রসঙ্গত, নগরের ১২টি পাহাড়ে প্রায় এক হাজার পরিবার বসবাস করে। ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড়ধসে ১২৭ জন মারা গিয়েছিল।