পাহাড়ে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ছয়টি মানবাধিকার ও নারী সংগঠন।
গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরের রায় বাহাদুর সড়কে পুগবেল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বেসরকারি সংস্থা পুগবেলের উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), হিমাওয়ান্তি, উইভ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক ও বাংলাদেশ মহিলা পরিষদ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বর থেকে এ বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত তিন পার্বত্য জেলায় কমপক্ষে ৩৫ জন পাহাড়ি নারী ও শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
রাঙামাটি ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০১২ থেকে ২০১৫ সালের ২৫ নভেম্বর পর্যন্ত ওই কেন্দ্র থেকে ২৩৩ জন নির্যাতিত নারী ও শিশু সেবা গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতনের জন্য অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা, অভিযোগকারী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিচারের প্রক্রিয়া দ্রুত করা, সরকারি-বেসরকারি আইনি সহায়তা কার্যক্রমে সমন্বয়, নির্যাতিতদের শারীরিক পরীক্ষা দ্রুত করার স্বার্থে তিন পার্বত্য জেলায় পৃথক তিনটি ফরেনসিক বিভাগ স্থাপন, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপনসহ ১২ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুগবেলের কর্মসূচি কর্মকর্তা রিতা চাকমা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্লাস্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী সুস্মিতা চাকমা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুগবেলের নির্বাহী পরিচালক শান্তিপদ চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা মিনারা আরশাদ, হিমওয়ান্তির সদস্য অনিতা দেব বর্মণ ও নারী অধিকার কর্মী এ্যানি চাকমা।