পাহাড়ে প্যাশন ফল
সূর্য চাকমার বাড়ির আঙিনায় ঢুকলেই মনকাড়া ঘ্রাণ নাকে এসে লাগে। ঘ্রাণের উৎস দুটো আমগাছ বেয়ে ওঠা আরোহী লতা। খাঁজকাটা পাতার ফাঁকে উঁকি দিচ্ছে মসৃণ সবুজ ফল। শখের বসে লাগানো ফলের স্বাদে মুগ্ধ এলাকাবাসীকে বীজও বিলিয়েছেন। গ্রামে গ্রামে এখন দেখা মিলছে এই ফলের।
নাম প্যাশন। বাংলা করলে দাঁড়ায় অনুরাগ। ফলটির এমন নামকরণই বলে দেয় এর কদর আছে বিশ্বজুড়ে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক গ্রামের সূর্য চাকমার কল্যাণে বাঘাইছড়িতেও প্যাশন ফলের অনুরাগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের সি ব্লক, বাঘাইছড়ি ইউনিয়নে উগলছড়ি ও বাঘাইছড়ি, খেদারমারা ইউনিয়নে পাবলাখলী, সারোয়াতলী ইউনিয়নে হিরাচর ও পৌর শহরের বাবুপাড়া গ্রামসহ ১০ থেকে ১৫টি গ্রামে এই ফলের চাষ হচ্ছে।
সূর্য জানান, ২০০৭ সালে এক আত্মীয়ের কাছ থেকে বীজ এনে লাগিয়েছিলেন আঙিনায়। বিনা যত্নেই গাছটি বেড়ে উঠেছে। ফল দিয়েছে দুই বছরের মাথায়। এখন দুটো গাছে বছরে দুবার করে ফল ধরে।
পাকলে হলুদ রং ধারণ করে। ভেতরে অসংখ্য বীজ আবৃত করে থাকে জেলির মতো হলুদ মণ্ড। স্বাদ টক-মিষ্টি। এই ফলের শরবত খেতে দারুণ সুস্বাদু বলে জানালেন তিনি। বিশেষ করে গরমে ক্লান্তি দূর করে দ্রুত। তা ছাড়া প্রচুর ভিটামিন থাকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
তাঁর প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের অনেকে ফলটি খেয়ে বীজ লাগিয়েছেন। বিনা মূল্যে তিনি বীজও বিলিয়েছেন গ্রামবাসীর মধ্যে। এখন প্যাশন ফল বাঘাইছড়ির বিভিন্ন গ্রামে সহজলভ্য। বাণিজ্যিকভাবে চাষ না হলেও লোকজনের বাড়ির আঙিনায় দেখা মিলছে এই ফলের।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, প্যাশন দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও আফ্রিকার ফল। আরোহী বা লতাজাতীয় এই গাছ মাচা, ঘরের ছাদ ও গাছ বেয়ে ওপরে ওঠে। বছরে দুবার ফলন পাওয়া যায়। প্রথমবার জুলাই-আগস্ট মাসে, দ্বিতীয়বার ডিসেম্বর-জানুয়ারিতে। গাছ লাগানোর ১৪-২০ মাসের মধ্যেই ফল ধরে। ১৮-২০ মাস বয়সের একটি গাছে ১০০-২০০টি ফল পাওয়া যায় অর্থাৎ গাছ প্রতি ৫-১০ কেজি ফল মেলে।
এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফসফরাস ও ক্যালসিয়াম রয়েছে। ফল থেকে শরবত ছাড়াও এর মণ্ড প্রক্রিয়াজাতকরণ করে আইসক্রিম, জুস, স্কোয়াশ, জ্যাম ও জেলি প্রস্তুত করা যায়। বীজ ও খোসা থেকে পেকটিন ও উচ্চ মাত্রার লিনোলিক অ্যাসিড–সমৃদ্ধ তেল তৈরি করা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান প্রথম আলোকে বলেন, ‘এ দেশে প্যাশন এখনো সেভাবে চাষ করা না হলেও পাহাড়ের মাটি এই ফল চাষের উপযোগী। আমরা প্যাশন ফল চাষে কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছি। মাঠপর্যায়ে কর্মকর্তারা প্যাশন ফল চাষ করার নিয়মকানুন দেখিয়ে দিচ্ছেন। এই ফল চাষে খরচ কম বলে বাণিজ্যিকভাবে চাষ করলে চাষিরা ব্যাপক লাভবান হবেন। ’