পাহাড়ে স্বাবলম্বী হওয়ার গল্প
একসময় জুমের দিকে তাকিয়ে থাকতে হতো আদিবাসীদের। এক জুম চাষ থেকেই জুটত সারা বছরের খোরাক। অর্ধাহারে-অনাহারে দিন কাটত অনেকের। এখন জুমের পাশাপাশি বাগান ও নার্সারি এবং সবজি ও মৌ চাষ বদলে দিয়েছে তাদের জীবনধারা। এভাবে তারা দাঁড়াচ্ছে নিজের পায়ে।
বান্দরবান সদরের তেঁতুলিয়াপাড়ার যুবক উ সাইং মং মারমার মুখে এখন চওড়া হাসি। তাঁর খেত করলায় ভরা। একই খেতে হয়েছে ঢ্যাঁড়শ, শসা এবং ঝিঙের চাষও। করলার পর পর্যায়ক্রমে এসব সবজি পাওয়া যাবে।
সাইং মং মারমা বলেন, ‘তিন মাসে পাঁচ মণ করলা বিক্রি করেছি। প্রতি মণ বিক্রি করেছি দুই হাজার টাকা দরে। এখন আবার এক মণ বিক্রির সময় এসেছে। মাত্র দুই হাজার ৭০০ টাকা অনুদান নিয়ে আমি এই খেতে চাষাবাদ শুরু করি। ফলন খুব ভালো হয়েছে।’
তেঁতুলিয়াপাড়ার এই যুবক ইকো ডেভেলপমেন্ট নামের একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নেন। এ ছাড়া একই প্রতিষ্ঠান সবজির বীজও সরবরাহ করে। মে মাস থেকে ১২ শতক জমিতে সবজি চাষ শুরু করেন সাইং মং।
সরেজমিনে দেখা যায়, করলাগাছের নিচে শসা এবং অন্যান্য সবজির গাছ লাগানো হয়েছে।
সবজি চাষে হাসি ফুটেছে তেঁতুলিয়াপাড়ার আরও ১০ পরিবারের সদস্যদের মুখে। এই পাড়ায় মোট ৩৬ পরিবারের বসবাস। তার মধ্যে ১০ পরিবার সবজি চাষ, চার পরিবার বাগান এবং ১০ পরিবার মৌ চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে। শুধু তেঁতুলিয়াপাড়া নয়, বান্দরবানের চার উপজেলার বিভিন্ন পাড়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে চলছে এই ধরনের স্বাবলম্বী হওয়ার প্রকল্প।
এ বিষয়ে এমজেএফের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহেদ হাসান বলেন, ‘বাগান, সবজি, মৌ চাষ ইত্যাদি প্রকল্পের মাধ্যমে পাহাড়ে বসবাসকারীদের নিজের পায়ে দাঁড়ানোর একটি সুযোগ করে দিচ্ছি আমরা। বিভিন্ন স্থানীয় এনজিওর মাধ্যমে তাঁদের এই সহযোগিতা দিয়ে থাকি।’
তিন পার্বত্য জেলায় এ রকম উপকারভোগী প্রায় ২০ হাজারের মতো রয়েছে বলে জানান এমজেএফের কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান।
তেঁতুলিয়াপাড়ায় সাইং মং মারমার খেতের পাশে আরেকটি সবজি খেত আছে উনু মং মারমার। সেখানে বেগুন ও ঢ্যাঁড়শ চাষ হয়েছে। আর কয়েক দিন পরেই উনু মং সবজি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। খামারিরা জানান, একটির পর একটি সবজি এখানে চাষ করা হয়। কোনো ঋতুতে খেত খালি থাকে না। গ্রীষ্ম, বর্ষা ও শীতে আলাদা আলাদা সবজির চাষ করা হয়।
সবজি খেতের পাশাপাশি অনেকে ব্যস্ত মৌ চাষ নিয়ে। মৌ চাষের আগে ইকো ডেভেলপমেন্ট থেকে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। এর পর একটি করে বাক্স বানিয়ে দেওয়া হয় চাষের জন্য। তেঁতুলিয়াপাড়া কৃষি উন্নয়ন সমিতির সভাপতি মেগ্য মারমা নিজেও মৌচাষি। তিনি বলেন, ‘আমরা অন্য কাজ করি। পাশাপাশি ঘরে মৌচাষ করি। এটাতে তেমন কোনো পরিশ্রম নেই। দুই মাসে দেড় কেজি মধু পেয়েছি। এক কেজি মধু হাজার টাকায় বিক্রি করি। এটা আমাদের বাড়তি পাওয়া।’
মৌ চাষ করে বাড়তি আয় করেছেন পলু মারমা, ক্যপ্রু মারমারাও। বান্দারবানের রত্নপুর, লম্বাঘোনা, সুয়ালেক তঞ্চ্যংগ্যাপাড়া, লাতা শিলের তোয়া মারমা পাড়াসহ বিভিন্ন স্থানে এই ধরনের প্রকল্প চলছে বলে জানিয়েছেন ইকো ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর উত্তম কুমার চৌধুরী।