পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে অবৈধভাবে পানির সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় আওয়ামীপন্থী ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে পুনরায় অবৈধভাবে পানির সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১২ সালে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে পানির অন্তত শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছিল চট্টগ্রাম ওয়াসা। এ লাইন নেওয়ার জন্য অন্তত ৮০০ ফুট পিচঢালা রাস্তা খুঁড়ে ফেলা হয়।
লালখান বাজার ওয়ার্ডের ওই কাউন্সিলরের নাম এ এফ কবির আহমদ মানিক। তিনি আবার ওয়াসার বোর্ড সভার সদস্য। কাজের তদারক করছেন স্থানীয় বাড়িওয়ালা মো. মনজু, যুবলীগের নেতা সাজ্জাদ, টিপু প্রমুখ। প্রতি সংযোগের জন্য পাঁচ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংযোগ নেওয়ার কথা স্বীকার করে মো. মনজু জানান, ‘কিছুদিন আগে আমাদের সংযোগ কেটে দেওয়া হয়। আমাদের ১০-১৫টি মিটার রয়েছে। এখন আমরা আবার সংযোগ নিচ্ছি। এ জন্য ওয়াসা থেকে কমিশনার সাহেব (কাউন্সিলর মানিক) অনুমতি নিয়েছেন। আমরা সবাই টাকা তুলে এটা করছি।’
জানা গেছে, ২০১২ সালে পাহাড়ধসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনার পর পাহাড় ব্যবস্থাপনা কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতিতে অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ওয়াসা নগরের লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মতিঝর্ণা মসজিদের সামনে থেকে রাস্তা কেটে প্লাস্টিকের অন্তত ৫০টি আধা ইঞ্চি পাইপ দিয়ে কাঁচাবাজারের দিকে পানির সংযোগ নিয়ে যাওয়া হচ্ছে।
এ কাজে নিয়োজিত শ্রমিক মো. ফারুক জানান, রাস্তার বড় পাইপ থেকে আশপাশের পাহাড়ি এলাকায় বসতিতে পানির সংযোগ দেওয়া হচ্ছে।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘লালখান বাজার ও মতিঝর্ণা ওয়াসার জন্য একটা অভিশাপ। কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। এখানে পানির অনেক অবৈধ সংযোগ ব্যবহার করা হয়। আমরা পাহাড়ধসের পর সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম। কিন্তু এখন নতুন করে যে সংযোগ নিচ্ছে, তার অনুমতি আমাদের কাছ থেকে নেওয়া হয়নি। পুনরায় অভিযানে যেতে হবে।’ তিনি আরও বলেন, বিদ্যুৎ কিংবা গ্যাসের মতো ওয়াসার সংযোগ চুরি করতে কোনো ঝুঁকি নেই। তাই যে যেভাবে পারে নিয়ে নেয়। এতে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির মদদ রয়েছে।
স্থানীয় সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, ‘আমি বিরোধী দলের কাউন্সিলর। এখানে আমার কিছু নেই। কারা পাহাড়ে পানির অবৈধ সংযোগ নিচ্ছে আপনারা জানেন। আমার কিছু করার নেই।’
শুধু ওয়াসা নয়, পানির অবৈধ সংযোগ নেওয়ার জন্য রাস্তা কাটার অনুমতিও নেওয়া হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু ছালেহ বলেন, ‘আমার জানামতে, মতিঝর্ণায় সড়ক কাটার জন্য কোনো অনুমতি নেওয় হয়নি। আপনার মুখে শুনে আমি লোক পাঠিয়েছি। কারা করছে আমরা দেখে ব্যবস্থা নেব।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলর কবির আহমদ বলেন, ‘এগুলো সব পুরোনো সংযোগ। নালায় পানি যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে আমরা কিছুদিন আগে কেটে দিয়েছিলাম। এখন নতুন করে এগুলো মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে অবৈধ কোনো সংযোগ দেওয়ার সুযোগ নেই। যদি অবৈধ সংযোগ কেউ নিয়ে থাকে, তাহলে ওয়াসা অ্যাকশনে যাক।’ অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন লাইন যেহেতু না, তাই ওয়াসার অনুমতি নেওয়া হয়নি। সড়ক কাটার অনুমতি না থাকলে তারা পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিতে পারে।’
প্রসঙ্গত, লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় সহস্রাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। এসব ঘরে ঝুঁকিপূর্ণভাবে লোকজন বাস করে। সর্বশেষ গত ২৮ জুলাই এখানে পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছিল।