পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন৷ গতকাল বুধবার সকালে নগরের মতিঝর্ণা এলাকার টাংকির পাহাড়ে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়৷ প্রথম দিন ৪০টি বসতঘর উচ্ছেদ করা হয় বলে জানা গেছে৷
গতকাল সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদেরের নেতৃত্ব একটি দল টাংকির পাহাড় এলাকায় অভিযান শুরু করে৷ এই দলে সহকারী কমিশনার (ভূমি) সামিউল মাসুদ, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউর রহমান, সিএমপির পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) দীপক জ্যোতি খীসা ছাড়াও পিডিবি, ওয়াসা ও বাখরাবাদ গ্যাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
দলটি এর আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ঘরগুলো উচ্ছেদ শুরু করে৷ প্রথমে তারা ঘর থেকে লোকজনকে মালামাল নিয়ে বের হয়ে যেতে বলে৷ পরবর্তী সময়ে শ্রমিকেরা হাতুড়ি ও শাবল দিয়ে ঘরগুলো গুঁড়িয়ে দেন৷ এ সময় অনেক বাড়ির মালিক ও ভাড়াটেরা উচ্ছেদ কার্যক্রম নিয়ে তাঁদের আপত্তি তুলে ধরেন৷ তাঁদের উচ্ছেদের কোনো নোটিশ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন৷
এ বিষয়ে এস এম আবদুল কাদের বলেন, ‘আমরা আগেই তাঁদের নোটিশ দিয়েছিলাম৷ বৃষ্টির সময় এসেও তাঁদের বলে গেছি, ২৫ তারিখ থেকে উচ্ছেদ করা হবে৷ তার পরও তাঁরা সরেননি৷ এখন আমরা পর্যায়ক্রমে সব পাহাড়ে উচ্ছেদ কার্যক্রম চালাব৷’
টাংকির পাহাড়ে আবু জাফর ও নাসির নামের দুজনের মালিকানাধীন প্রায় ৪০টি ঘর উচ্ছেদ করা হয় বলে জানা গেছে৷ এ সময় দফায় দফায় উত্তেজনা দেখা দেয়৷ পুলিশ তা নিয়ন্ত্রণে আনে৷
দীপক জ্যোতি খীসা বলেন, উত্তেজনা দেখা দিলেও কোনো সমস্যা হয়নি৷ পুলিশ বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দিয়েছে৷
বাসিন্দারা অভিযোগ করেন, তড়িঘড়ি করে উচ্ছেদের কারণে অনেকে ঘর থেকে তাঁদের মালামাল বের করতে পারেনি৷ ওসমান নামে একজন বলেন, ঘর থেকে তাঁদের মালামাল বের করতে দেওয়া হয়নি৷ মালামাল বের করার মতো অনেকের ঘরে কেউ ছিলেনও না৷ সবাই চাকরিতে ছিলেন৷
চট্টগ্রামের ১১টি পাহাড়ে ৬৬৬টি পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে বলে প্রশাসন একটি তালিকা তৈরি করেছে৷