পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের তালিকা করতে কমিটি গঠন
চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নতুন তালিকা করতে একটি ‘টেকনিক্যাল’ কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববার থেকে এই কমিটি কাজ শুরু করবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের সার্কিট হাউসে ‘শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির এক সভায় সাত সদস্যর এ কমিটি গঠন করা হয়।
সভা শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহামঞ্চদ আবদুল্লাহ বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন পাহাড়কে পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা তৈরি করা হবে।’
জানা গেছে, এক মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নতুন তালিকা করে পাহাড় ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় পেশ করতে এ কমিটিকে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. জাফর আলমকে ‘টেকনিক্যাল’ কমিটির আহ্বায়ক করা হয়। আর সদস্যসচিব হলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উপপ্রধান নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদ।
সভায় বিভাগীয় কমিশনার মোহামঞ্চদ আবদুল্লাহ বলেন, ‘যেসব ঝুঁকিপূর্ণ পাহাড়ের বসতিতে অবৈধ গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ আছে, তা বিচ্ছিন্ন করে আগামী সভায় এর প্রতিবেদন দিতে হবে।’ এক মাস পর আগামী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স
ভায় পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এইচ এম হুমায়ুন কবির জানান, ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ইতিমধ্যে ৯০টি পরিবারকে নিরাপদ স্থানে তাঁবুতে আনা হয়েছে।
জেলা প্রশাসন একই প্রক্রিয়ায় আরও ৭১ পরিবারকে নিরাপদ স্থানে আনবে বলে জানান তিনি।
সভায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. জাফর আলম, সিডিএর নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ ও চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।