পাহাড়ের নিচে ঝুঁকি নিয়ে বসবাস
পাহাড়ের পাদদেশে ১০টি টিনের ঘর। কিছুদিন আগে রাতে এই ঘরের পেছনে পাহাড়ের একাংশ কেটে ফেলা হয়েছে। এ করণে বৃষ্টি হলে পাহাড় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ঘরের বাসিন্দারা।
পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসতির এ চিত্র চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার মীরপুর আবাসিক এলাকার। এই এলাকায় তিনটি পাহাড়ের পাদদেশে বসবাস করছে অন্তত ২৫টি পরিবার।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, গ্যাসলাইন কলোনিতে পাঁচটি করে দুই সারিতে ১০টি টিনের ঘর। প্রতিটি ঘরে দুটি করে কক্ষ। এ ঘরগুলোর পেছনে পাহাড় কাটা মাটির স্তূপ। এসব ঘরের বাসিন্দাদের আশঙ্কা, বৃষ্টি হলে পাহাড় থেকে মাটি ধসে পড়তে পারে।
এ রকম একটি ঘরে মেয়েসহ বসবাস করেন নাসিমা বেগম। তিনি বলেন, ২০ এপ্রিল থেকে পাহাড় কাটা শুরু হয়। চার-পাঁচজন লোক রাত ১২টা থেকে ভোর চারটা পর্যন্ত পাহাড় কাটেন। তবে গত ৩০ এপ্রিল পুলিশ এসে বাধা দেওয়ার পর আপাতত পাহাড় কাটা বন্ধ আছে।
নাসিমা বেগম বলেন, ‘ভাড়া কম হওয়ায় এখানে থাকি। কিন্তু এখন পাহাড়ধসের আশঙ্কা বেড়ে গেছে। তাই এ মাসের মধ্যে বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কলোনির ভাড়াটেরা জানান, অলংকার এলাকার বাসিন্দা আবদুল মান্নান এই কলোনির মালিক। ভাড়াটেদের ঘরপ্রতি ভাড়া দিতে হয় ১ হাজার ২০০ টাকা করে। কলোনির তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামাল বলেন, ‘আমি দরিদ্র মানুষ। চার দিন পাহাড় কাটার বিষয়টি দেখাশোনা করে ৮০০ টাকা পেয়েছি।’ তাঁর দেওয়া আবদুল মান্নানের নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘এটি মান্নানের নম্বর নয়।’
এই কলোনির প্রায় ৩০০ মিটার উত্তরে আরেকটি পাহাড়ের পাদদেশে টিনের তৈরি ১০টি ঘর দেখা যায়। পশ্চিম পাশের পাহাড়ের পাদদেশে রয়েছে পাঁচটি পরিবার। এখানকার ভাড়াটে ও কারখানার শ্রমিক মো. আরিফুল ইসলাম বলেন, ‘অন্য এলাকায় থাকতে হলে বেশি ভাড়া দিতে হবে। যা আমার পক্ষে সম্ভব নয়। তাই স্ত্রী-সন্তান নিয়ে এখানে আছি।’
কলোনির বিপরীতে পাশের পাহাড়ের পাদদেশে দক্ষিণ খুলশীর বাসিন্দা আমিনুল হকের ১২ শতকের একটি প্লট আছে। সরেজমিনে দেখা যায়, ওই প্লটে টিনের তৈরি একটি ঘর আছে। সেখানে কোনো লোকজন নেই। পেছনের প্রাচীরঘেরা প্লটের মধ্যে দুটি টিনের তৈরি ঘর আছে। আর সেমিপাকা সাতটি ঘর নির্মাণাধীন। তবে সেখানে কাউকে কাজ করতে দেখা যায়নি। সামনের প্লটে কোনো ঘর নেই। এসব প্লটের সঙ্গে লাগোয়া পাহাড়টি খাড়াভাবে কাটা হয়েছে। বৃষ্টির পানিতে পাহাড়ের মাটি এসব প্লটে এসে পড়ে। স্থানীয় অনেকে বলেন, এভাবে প্লট এলাকা ভরাট করা হচ্ছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আমিনুল হক বলেন, পাহাড় কাটার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, ‘আকবর শাহ এলাকায় পাহাড় কাটার কোনো অভিযোগ আছে কি না, এই মুহূর্তে আমার জানা নেই।’
নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘ওই এলাকায় অনেক আগে পাহাড় কাটার ঘটনা ঘটেছে। আমি আসার পর থেকে আর পাহাড় কাটার ঘটনা ঘটেনি। পাহাড় কাটতে গেলে বাধা দেওয়া হয়।’