পাহাড়ের পাদদেশ থেকে ১৫০ পরিবার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঝরনা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করা ১৫০টি পরিবার উচ্ছেদ করেছে রেলওয়ে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার সকালে নগরের খুলশী থানার পরিবেশ অধিদপ্তরের ভবনের পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (পূর্বাঞ্চল) মোহাম্মদ জসিমউদ্দিন।

সরেজমিনে দেখা যায়, রেলওয়ের মাস্টার লেইন কলোনির পাশে ও ঝরনা পাহাড়ের পাদদেশে দুই যুগ আগে এই বসতি গড়ে তোলা হয়। মূলত দিনমজুর ও নিম্ন আয়ের লোকজন এখানে বসবাস করে আসছেন।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসতি গড়ে উঠেছে। যেকোনো মুহূর্তে পাহাড় ধসে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চট্টগ্রাম শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি পাহাড়ের পাদদেশ থেকে বসতি নেওয়ার সুপারিশ করেছে। আর সম্পূর্ণ অবৈধভাবে এখানে ঘর তৈরি করা হয়েছে। এসব কারণে এই অভিযান পরিচালনা করা হয়।

এদিকে বাসিন্দারা অভিযোগ করেছেন, তাঁদের কোনো ধরনের নোটিশ না দিয়ে হঠাৎ উচ্ছেদ করা হয়েছে। নুরুল আমিন, নাজিম, ফজলুসহ একাধিক বাসিন্দা জানান, তাঁদের মধ্যে কেউ ২০ বছর, কেউ দুই বছর, আবার কেউ বছর খানেক আগে এখানে ঘর নির্মাণ করে বাস করছিলেন। এখন তাঁদের যাওয়ার জায়গা নেই।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, বাসিন্দাদের রেলওয়ের জায়গা ছেড়ে দিতে চার দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা কেউ স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেননি। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।