
২০১২ সালের ২৬ জুন। টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম নগর। ওই রাতে হঠাৎ ধসে পড়ে নগরের আকবর শাহ মাজার এলাকার রেলওয়ে পাহাড়ের একাংশ। মাটিতে চাপা পড়ে পাহাড়ের পাদদেশে থাকা বস্তিটি। প্রাণ হারান সাত ব্যক্তি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বস্তিটি এরপর তোড়জোর করে সরিয়ে নেওয়া হয়। কিন্তু ওই দুর্ঘটনার তিন বছরের মধ্যে আবারও সেখানে গড়ে উঠেছে বসতি। এই মৃত্যুকূপে এখন শতাধিক পরিবারের সাড়ে চার শ থেকে পাঁচ শ মানুষের বসবাস।
বস্তির বাসিন্দা মোহাম্মদ আলী, মোহাম্মদ বশির জানান, গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এসব বসতি গড়ে ওঠে। এখানকার পরিবারগুলোর উপার্জনকারী ব্যক্তিদের বেশির ভাগই দিনমজুর। তাঁদের দৈনিক আয় দিয়ে শহরের আর কোথাও থাকার সামর্থ্য নেই। তাই পাহাড় ধস ও প্রাণশঙ্কার কথা জেনেও বাধ্য হয়ে তাঁরা এখানেই বাস করছেন।
নগরের অন্যতম পর্যটনকেন্দ্র ফয়স লেক ও চট্টগ্রাম চিড়িয়াখানার অবস্থান এই ওয়ার্ডে। ওয়ার্ডের অন্য এলাকাগুলো হচ্ছে আকবর শাহ, শহীদ লেন, গোলপাহাড়, মালিপাড়া, পূর্ব ফিরোজ শাহ কলোনি, বিশ্ব কলোনি, কৈবল্যধাম আবাসিক এলাকা, লেকসিটি আবাসিক এলাকা, জানারখিল, ফরিকতালুক, ফিরোজ শাহ কলোনি, আবদুল আলী নগর, নোয়াপাড়া ও ইসলামপুর কলোনি।
পূর্ব ফিরোজ শাহ বাস্তুহারা কলোনির গলাচিপা বস্তিতে কথা হয় ষাটোর্ধ্ব মোহাম্মদ রফিকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রায় ৩৫ বছর এখানে আছি। সময় গড়িয়েছে। কিন্তু তেমন উন্নয়ন না হওয়ায় বস্তি রয়ে গেছে আগের মতোই।’
ওই বস্তিরই বাসিন্দা মিনু বেগম। ১০ বর্গফুট আয়তনের একটি ঘরে স্বামী ও এক ছেলেকে নিয়ে বাস। থাকার জায়গা নিয়ে আক্ষেপ নেই তাঁর। কিন্তু বস্তির নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার ও রাস্তাঘাট সংস্কার না করায় তাঁর যত ক্ষোভ।
পাহাড় ধস ছাড়াও জলাবদ্ধতা, বর্জ্য পরিষ্কারে অব্যবস্থাপনা ও রাস্তাঘাটের বেহাল দশা এই ওয়ার্ডের অন্যতম বড় সমস্যা। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কৈবল্যধাম আবাসিক এলাকার সি ব্লক, নন্দন হাউজিং এলাকা, বিশ্বকলোনি কাঁচাবাজার, কৈবল্য আশ্রমের প্রধান ফটক, মালিপাড়া, পূর্ব ফিরোজ শাহ কলোনির মিনার চত্বর ও আকবর শাহ কাঁচা বাজার এলাকায় রাস্তার পাশে ও রাস্তার ওপর ময়লা-আবর্জনা পড়ে আছে। কৈবল্যধাম আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী হুমায়ূন কবির বলেন, নালা-নর্দমা থেকে তোলা বর্জ্য রাস্তার পাশেই রেখে দেওয়া হয়। এসব বর্জ্য নিয়মিত পরিষ্কার করা হয় না। উৎকট দুর্গন্ধের মধ্যেই তাঁদের পথ চলতে হয়।
রাস্তায় ছোটবড় খানাখন্দ দেখা গেছে পূর্ব ফিরোজ শাহ কলোনি, কৈবল্যধাম আবাসিক এলাকার বিভিন্ন ব্লকসহ অলিগলিতে। পূর্ব ফিরোজ শাহ কলোনির বাসিন্দা মোহাম্মদ সুমন জানান, সড়কের বেহাল দশা প্রায় চার মাস ধরে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই।
যোগাযোগ করলে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম বলেন, এখানকার বেশির ভাগ পাহাড় ব্যক্তিমালিকানাধীন। রাতের আঁধারে ও বৃষ্টির সময় কৌশলে পাহাড় কাটা হয়। এতে পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটে। জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, কালির ছড়া সংস্কারের অভাবে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাঁচ বছরে এলাকায় যে উন্নয়ন হয়েছে, প্রয়োজনের তুলনায় তা অর্ধেক বলে তিনি স্বীকার করেন।