পাহাড়ের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
বর্ষা আসার আগে চট্টগ্রাম নগরের বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার নগরের মতিঝর্ণা এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ব্যক্তিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে তিন সহকারী কমিশনার মতিঝর্ণা এলাকায় যান। এ সময় হ্যান্ডমাইকে বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, ‘বর্ষা আসছে। আপনারা এখানে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে পারবেন না। পাহাড়ধস হবে। আপনারা শিগগির নিরাপদ স্থানে সরে যান।’
পরে মতিঝর্ণা এলাকার শেষ মাথায় বাটালি পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকেও সতর্ক করা হয়। ওই পাহাড়ের পাদদেশের বাসিন্দা রিকশাচালক মো. বারেক প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে সাত-আট বছর ধরে থাকি। প্রতিবার বর্ষা এলে উঠে যেতে বলে। গতবার কয়েক দিনের জন্য উঠে গিয়েছিলাম। এখন আবার উঠে যেতে বলা হচ্ছে।’
অভিযানে নেতৃত্ব দেন মহানগর সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন। তাঁকে সহায়তা করেন চান্দগাঁও ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) যথাক্রমে হাবিবুল হাসান ও মোহাম্মদ উল্লাহ মারুফ।
সহকারী কমিশনার আছিয়া খাতুন বলেন, ‘আমরা আজ (মঙ্গলবার) কেবল সতর্ক করার জন্য এখানে এসেছি। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের এখান থেকে সরে যাওয়ার জন্য মাইকে নির্দেশ দিয়েছি। দুই-তিন সপ্তাহ পর আমরা আবার আসব। তখন উচ্ছেদ অভিযান চালাব।’ তিনি আরও বলেন, ‘সতর্ক করতে এসে আমরা মতিঝর্ণা এলাকায় বিদ্যুতের ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এ ছাড়া একটি অবৈধ গভীর নলকূপ বন্ধ করে দেওয়া হয়েছে।’