
একদা বৃহত্তর সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরসবুজ বনে অবাধে ঘুরে বেড়াত ওরা। দল বেঁধে শিকার করত হরিণ, বুনো শুয়োর, বনছাগল, এমনকি গরু-মহিষ। অন্তত ১৯৫০ সাল পর্যন্ত এভাবেই চলছিল। কিন্তু এরপরই নেমে আসে বিপর্যয়। কৃষিজমি-আবাসন-কাঠের জন্য বন উজাড় এবং অবাধ শিকারের কারণে দিনে দিনে সংখ্যা কমে প্রাণীগুলো একেবারেই বিরল ও বিপন্ন হয়ে পড়েছে। আবাসস্থল মারাত্মকভাবে সংকুচিত হয়ে বর্তমানে পূর্ব পার্বত্য চট্টগ্রামের অল্প কয়েকটি এলাকা, যেমন কাসালং ও রাইখং সংরক্ষিত বন এবং পাবলাখালী ও সাঙ্গু বন্য প্রাণী অভয়ারণ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ২৭ বছর আগে ফরেস্টার শফিকুর রহমানের কাছে এদের সম্পর্কে প্রথম শুনেছিলাম। এরপর ১৯৯৮ সালে কানাডাতে প্রাণিচিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সময় মেট্রো টরন্টো চিড়িয়াখানায় প্রথম ওদের দেখি। পরে ২০১৪ সালে মালয়েশিয়ার প্রথম চিড়িয়াখানা তাইপেং জু-তে দ্বিতীয়বার দেখি। সম্প্রতি কথা হয় বন্য প্রাণী গবেষক ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার রহমানের সঙ্গে। সাঙ্গু-মাতামুহুরী উপত্যকার স্থানীয় ম্রোদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সেখানকার বন্য প্রাণী ও তাদের আবাস সংরক্ষণের কাজ করতে গিয়ে ম্রোদের ভাষায় ‘শুই’ নামে পরিচিত প্রাণীগুলোর সঙ্গে অন্তত দুবার দেখা হয়েছে তাঁর। উপত্যকার গহিনে ওদের পায়ের চিহ্নও দেখেছেন। ওদের পাতা ক্যামেরার ফাঁদে বেশ কয়েকবার প্রাণীগুলোর অস্তিত্ব ধরা পড়েছে।
পার্বত্য চট্টগ্রামের বিরল ও বিপন্ন শিকারি প্রাণীগুলোর নাম রামকুত্তা। বনকুত্তা (কুকুর), লাল কুকুর বা ডোল নামেও পরিচিত। ইংরেজি নাম এশিয়াটিক ওয়াইল্ড ডগ, রেড ডগ বা ডোল। বৈজ্ঞানিক নাম cuon alpinus অর্থাৎ পাহাড়ি কুকুর। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল, চীন, রাশিয়াসহ এশিয়ার অনেক দেশেই দেখা মেলে।

রামকুত্তা শিয়াল, কুকুর ও নেকড়ের জাতভাই। তবে চেহারায় শিয়ালের সঙ্গেই মিল বেশি। আকারে নেকড়ে ও শিয়ালের মাঝামাঝি। লম্বায় ৪৫-৬০ সেন্টিমিটার, লেজ ২০-২৭ সেমি। ওজন ১০-২০ কেজি। পা খাটো, লেজ ঝোপালো ও নাকের ওপরের অংশ খানিকটা উঁচু। মাথা ও দেহের ওপরের অংশের লোম বাদামি লাল। ঋতুভেদে রং হালকা থেকে গাঢ় হতে পারে। কানের ভেতরটা, মুখের নিচ, গলা ও দেহের নিচের অংশ সাদা।
দলবদ্ধভাবে থাকে, দিনের বেলা শিকার করে। দলে ২-৩০টি পর্যন্ত কুকুর থাকতে পারে। সচরাচর মাঝারি আকারের প্রাণী, যেমন হরিণ, শূকর, ছাগল ইত্যাদিকে আক্রমণ করে। প্রয়োজনে বনগরু বা মহিষের মতো বড় পশুকেও আক্রমণ করতে পারে। ভালুক, চিতাবাঘ বা বাঘকে এড়িয়ে চলে। খাদ্যস্বল্পতার সময় ফল ও সরীসৃপ খায়। কুকুরের মতো ঘেউ ঘেউ করে না; বরং শিস দেওয়ার মতো শব্দ করে।
রামকুত্তা মাটিতে গর্ত খুঁড়ে বা পাহাড়ের গুহায় বাস করে। সেপ্টেম্বর-ফেব্রুয়ারি প্রজননকাল। স্ত্রী কুকুর ৬০-৬৫ দিন গর্ভধারণের পর গর্তে বা গুহায় ৪-৬টি বাচ্চা দেয়। বাচ্চা পালনে দলের অন্য সদস্যরাও সাহায্য করে। বাচ্চারা প্রায় এক বছরে পূর্ণবয়স্ক হয়। আয়ুষ্কাল প্রায় ১০ বছর।