পাহারা দিয়েও মন্দিরে হামলা ঠেকানো যাচ্ছে না
দলবেঁধে লাঠি ও বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিয়েও বগুড়ায় সংখ্যালঘুদের মন্দিরে হামলা বন্ধ হচ্ছে না। মন্দিরের নিরাপত্তায় সব ধর্মের লোকজন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পাড়া-মহল্লায় ‘মন্দির রক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। এ রকম নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যেও দুর্বৃত্তরা গত শনিবার সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুর গ্রামের একটি মন্দিরে হামলা চালিয়েছে।ওই ঘটনায় গত রোববার মন্দির রক্ষা কমিটির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলেও গতকাল সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা ঘটনা কারা ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পারেনি পুলিশ। গত এক মাসে গাবতলী উপজেলায় সংখ্যালঘুদের সাতটি মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এবার নতুন করে হামলা হওয়ায় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মন্দির রক্ষা কমিটি ও সোনাতলা থানার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুর্বৃত্তরা গড়চৈতন্যপুর কর্মকারপাড়া রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে আটটি প্রতিমা ভাঙচুর করে। খবর পেয়ে পরদিন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মন্দির কমিটির সভাপতি সুনীল কর্মকার জানান, সকালে ভক্তরা পুজা-অর্চনা করতে মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পায়।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান জানান, উপজেলায় প্রায় ৬০টি মন্দিরের প্রতিটিতে প্রশাসনের উদ্যোগে স্থানীয় ব্যক্তিদের নিয়ে মন্দির রক্ষা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে পাহারা জোরদার করা হয়েছে। এর পরও রাতের আঁধারে একটি মন্দিরে হামলা চালানো হয়েছে। শিগগির দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নৃপেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, বগুড়ার গাবতলীতে বিএনপি-জামায়াতের মিছিল থেকে একটি মন্দিরে হামলা হলেও পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধীরা মন্দিরে হামলা চালাতে উৎসাহিত হচ্ছে।