পাহারামুক্ত হলেন নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে পুলিশি পাহারামুক্ত হলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র নয়ন বাছার (২২)। গত সোমবার রাতে তাঁর জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছালে তাঁকে পাহারারত পুলিশ সদস্যরা চলে যান।
গত ৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ নয়ন বাছারের বাঁ পায়ে দুটি গুলি করে। তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সাজিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। তিনি হিন্দু সম্প্রদায়ের বললেও পুলিশ তা বিশ্বাস করেনি। অবশ্য পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, ওই বাসে আগুন দেওয়ার ঘটনায় নয়ন জড়িত ছিলেন। এ ঘটনায় সূত্রাপুর থানায় নয়নের বিরুদ্ধে বাস পোড়ানোর মামলা করেছে পুলিশ।
গুলিবিদ্ধ হওয়ার পর থেকে গত সোমবার রাত পর্যন্ত পুলিশি পাহারায় পঙ্গু হাসপাতালে নয়ন চিকিৎসাধীন ছিলেন। রোববার তাঁর জামিন হয়। হাসপাতালেই তিনি ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন।
নয়নের মা শিখা রানী মজুমদার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সোমবার রাত ১১টার দিকে থানা থেকে কাগজপত্র নিয়ে পুলিশ হাসপাতালে আসে। এরপর পাহারায় থাকা পুলিশরা চলে যায়। নয়ন এখনো ওই বেডেই চিকিৎসাধীন আছেন।
পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা জানান, সম্পূর্ণ সুস্থ হতে নয়নের আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে।
শিখা রানী বলেন, ‘আমি ছেলের উন্নত চিকিৎসা চাই। এ জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি ছাড়া তো নয়নের আর কেউ নেই। আমি ছেলের পা সুস্থ দেখতে চাই।’