পাহারায় কলেজে যাচ্ছে ছাত্রীটি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার কলেজছাত্রী পরিবারের পাহারায় কলেজে যাচ্ছেন। এদিকে ঘটনার ২৬ দিন পরও অ্যাসিড নিক্ষেপকারীকে ধরতে না পাওয়ায় ওই ছাত্রীর পরিবার আতঙ্কে আছে।ছাত্রীর বড় ভাই মুঠোফোনে প্রথম আলোকে জানান, দোষী ব্যক্তি ধরা না পড়ায় তাঁরা আতঙ্কে আছেন। এ কারণে তিনি তাঁর বোনকে এক প্রকার পাহারা দিয়ে কলেজে নিয়ে যাচ্ছেন।গতকাল রোববার যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন বলেন, মুঠোফোনের কললিস্ট যাচাই করে আসামির অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, অচিরেই আসামি শফিকুলকে গ্রেপ্তার করা সম্ভব হবে।উপজেলার নিভিয়াঘাটা গ্রামের ওই কলেজছাত্রী গত ৬ নভেম্বর গ্রামের বাড়ি থেকে মুমিনুন্নিছা সরকারি মহিলা কলেজে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হন। তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম বর্ষের (সম্মান) ছাত্রী। ছাত্রীর বাবা ঘটনার দিনই নান্দাইল মডেল থানায় একটি মামলা করেন।