পাহাড় ও গাছ কেটে তেলের ট্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে এলোপাতাড়ি পাহাড় ও গাছ কেটে তেলের ট্যাংক তৈরি করছে। এ কাজের জন্য প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে ছাড়পত্র চুক্তি করলেও তা লঙ্ঘন করেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা বলছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পাহাড় ও গাছ কাটা দুটিই রোধ করা যেত।
সিলেট গ্যাস ফিল্ডস সূত্রে জানা গেছে, রশিদপুরে তাদের একটি কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট (তেল মজুদের ট্যাংক) রয়েছে। ১১০ কোটি টাকা ব্যয়ে সেখানে নয়টি ট্যাংক নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের এপ্রিলে ওই প্রকল্পের উদ্বোধন করেন। ওই প্রকল্পের মজুদ দ্বিগুণ করতে প্ল্যান্টের পাশে সম্প্রতি আরও ২ একর ৪১ শতক জায়গা অধিগ্রহণ করে সরকার। ওই জায়গার ওপর ২০ কোটি টাকা ব্যয়ে ৮০ হাজার ব্যারেল ক্ষমতাসম্পন্ন আরও দুটি ট্যাংক তৈরির কাজ চলছে। কাজের তত্ত্বাবধান করছে সিলেট গ্যাস ফিল্ডস।
সম্প্রতি রশিদপুর প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, এক্সকাভেটর মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে অধিগ্রহণ করা ভূমি সমতল করার কাজ চলছে। প্রকল্পের পূর্বদিকে একটি পাহাড়ের অর্ধেক অংশ কাটা হয়ে গেছে। বাকি অংশ কাটা হচ্ছিল। কাটা পাহাড় ঘেঁষে প্রকল্পে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। এবড়োখেবড়োভাবে মাটি কাটায় আশপাশের অসংখ্য গাছগাছালি কাটা পড়েছে। পাহাড়ের স্থানে স্থানে গাছের কাটা মুড়া পড়ে আছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, পাহাড় কাটা নিষিদ্ধ। তবু ওই প্রকল্প এলাকায় পাহাড় ও গাছগাছালি সমানভাবে কাটা হচ্ছে। দেড় শতাধিক বড় বড় মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পাহাড় ও গাছ দুটিই বাঁচানো যেত।
পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয় জানায়, প্রকল্পের কাজ শুরুর আগে সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে একটি ছাড়পত্র গ্রহণ করে। এতে পরিবেশ ও অবকাঠামো রক্ষার ওপর ২৩টি শর্ত বেঁধে দেয় পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে অন্যতম ছিল সবুজ শ্যামল পরিবেশ ধ্বংস করা যাবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পাহাড়-পর্বত কাটা যাবে না, কোনো ভূমি কেটে সমতল করা যাবে না, পাশাপাশি গাছগাছালি কাটা যাবে না। কিন্তু সব শর্ত ও বিধি লঙ্ঘন করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।
সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, উন্নয়ন কাজ করতে গিয়ে পাহাড় ও গাছ কাটা পড়তেই পারে। পরিকল্পিতভাবে কাজ করলে তা বাঁচানো যেত কি না জানতে চাইলে এমডি বলেন, ‘যাঁরা এমন প্রশ্ন তুলছেন, তাঁরা তো আমাদের বিশেষজ্ঞ নন। কাজেই আমাদের সুবিধা-অসুবিধাগুলো অন্য কেউ বুঝবে না।’
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রশিদপুরে পরিবেশ বিনষ্টের বিষয়ে ঢাকায় প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে জানিয়েছি। সেখান থেকে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।’