পাহাড় ও চরে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলারে সমুদ্র পাড়ি দিয়ে গত এক সপ্তাহে কক্সবাজারের মহেশখালী উপজেলার চর ও পাহাড়ি এলাকায় হাজারখানেক রোহিঙ্গা নাগরিক আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জানতে তালিকা তৈরির কাজ শুরু করেছে প্রশাসন। তবে এর আগে উপজেলার স্বাস্থ্যকর্মীরা জরিপ চালিয়ে ৫২১ জন রোহিঙ্গাকে শনাক্ত করেছেন। তার মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু আছে শতাধিক।

স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, গত এক সপ্তাহে হাজারখানেকের মতো রোহিঙ্গা নাগরিক মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে মহেশখালীতে এসেছে। উপজেলায় আগে থেকেই ২৪২ জন তালিকাভুক্ত রোহিঙ্গা বসবাস করছিল। অনেকে এসব রোহিঙ্গাদের ঘরবাড়িতে আশ্রয় নিয়েছে। আবার এলাকার কয়েকজন বাসিন্দাও কিছু রোহিঙ্গাকে নিজেদের ঘরবাড়িতে আশ্রয় দিয়েছেন।

উপজেলার পৌরসভার চরপাড়া এলাকায় গত বুধবার গিয়ে দেখা যায়, শতাধিক রোহিঙ্গা সমুদ্রের তীরে চর এলাকায় খোলা আকাশের নিচে পলিথিন ও বাঁশ দিয়ে অস্থায়ী ঘর তুলে থাকছে। আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে খাবার সংগ্রহ করছে তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৯ থেকে ১১ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩২ জন স্বাস্থ্যকর্মী একটি পৌরসভা ও চারটি ইউনিয়নে রোহিঙ্গা শনাক্ত করতে জরিপকাজ চালান। রোহিঙ্গা নাগরিকদের থেকে সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কায় এমন জরিপ চালানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ পোলিও মুক্ত দেশ। কিন্তু মিয়ানমার এখনো পোলিওর ঝুঁকিতে রয়েছে। আর রোহিঙ্গা শিশুরা তাদের দেশে কোনো প্রতিষেধক বা টিকা পায়নি। তাই দ্রুত জরিপ চালানো হয়েছে। এর মধ্য দিয়ে রোহিঙ্গা শিশুদের দ্রুত টিকার আওতায় আনা সহজ হবে। 

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাসপাতালে ১৫ থেকে ২০ জন রোহিঙ্গা রোগী স্বাস্থ্যসেবা নিচ্ছেন। এর মধ্যে নুরুন নাহার (২৫) নামের একজন যক্ষ্মা রোগীকেও শনাক্ত করা হয়।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, রোহিঙ্গাদের তালিকা তৈরি কাজ শেষ হলে তাদের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

মহেশখালীর ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, রোহিঙ্গাদের শনাক্ত করে উখিয়ার কুতুপালং শিবিরে পাঠিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।