পাহাড় ও বনের পাশে উঠছে বিএনপি নেতার ইটভাটা
কক্সবাজারের রামু উপজেলার ধোয়াপালং এলাকায় পাহাড় ও বনের পাশে তিন ফসলি কৃষি জমির ওপর তৈরি করা হচ্ছে ইটভাটা। কোনো অনুমোদন ছাড়াই প্রায় ১০ একর জমির ওপর এই ইটভাটার মালিক রাঙামাটি জেলা বিএনপির সহ-অর্থসম্পাদক আমির মোহাম্মদ ছাবের।খুনিয়াপালং ইউনিয়নের ওই এলাকায় দুটি মাটি কাটার যন্ত্র (এস্কাভেটর) ও অর্ধশতাধিক শ্রমিক দিয়ে প্রায় এক মাস ধরে ইটভাটাটি তৈরির কাজ চলছে। নির্মাণাধীন ভাটার ৩০০ গজ দূরে হাসপাতাল, সাত-আটটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং আধা কিলোমিটারের মধ্যে রয়েছে বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের সামাজিক বনায়নের বাগান।ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উপজেলা সদরের সীমানা থেকে তিন কিলোমিটার, আবাসিক এলাকা (যেখানে ৫০টি পরিবার আছে), ফলের বাগান (৫০টি ফলদ ও বনজ গাছ আছে) থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে এবং পাহাড়ের পাশে ও ধানিজমিতে কোনো ইটভাটা করা যাবে না।সরেজমিনে দেখা গেছে, খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় রয়েছে রাবেতা হাসপাতাল, রাবেতা ক্যাডেট মাদ্রাসা, আল ফুয়াদ একাডেমি উচ্চবিদ্যালয়, আল ফুয়াদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, আল ফুয়াদ বালিকা মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অসংখ্য বসতবাড়ি। এসব প্রতিষ্ঠানের মাত্র ৩০০ গজ দূরে কক্সবাজার-টেকনাফ সড়কের পশ্চিম পাশে এই ইটভাটা গড়ে উঠছে। আধা কিলোমিটার দূরেই রয়েছে বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের সামাজিক বনায়নের বাগান, পাহাড় ও ব্যক্তিমালিকানাধীন ফলদ ও বনজ বাগান।ইতিমধ্যে ইটভাটার জন্য কয়েক একর জমির ওপর ঘর তৈরি এবং চলাচলের রাস্তা করা হয়েছে। দুটি এস্কাভেটর দিয়ে মাটি কাটা ও সমান করার কাজ চলছে এবং অর্ধশতাধিক শ্রমিক ভাটার চুল্লি ও ঘর তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।গত সোমবার সেখানে গিয়ে ভাটার মালিক আমির মোহাম্মদ ছাবেরকে কাজের তদারকি করতে দেখা গেছে। তাঁর বাড়ি চকরিয়া উপজেলায়। নিজেকে তিনি রাঙামাটি জেলা বিএনপির সহ-অর্থসম্পাদক হিসেবে পরিচয় দেন। এই ইটভাটার মালিক তিনিসহ তিনজন বলে জানান। কোনো অনুমোদন ছাড়া ইটভাটা তৈরির ব্যাপারে তিনি বলেন, লাইসেন্সের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সপ্তাহ দুয়েকের মধ্যে হয়ে যাবে। কৃষিজমি নষ্ট করে, বনের পাশে ইটভাটা করার ব্যাপারে তিনি বলেন, এসব জমি বছরে ছয় হাজার টাকা খাজনায় মালিকের কাছ থেকে বর্গা নেওয়া হয়েছে। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। তাদের মৌখিক অনুমতি নিয়ে ভাটা তৈরির কাজ শুরু করা হয়েছে বলে দাবি করেন তিনি।নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক জানান, মালিকের কাছ থেকে বর্গা নিয়ে ওই জমিতে এত দিন তিনিসহ স্থানীয় কয়েকজন কৃষক চাষাবাদ করতেন। জমির মালিক বেশি টাকা পাওয়ায় ওসব জমি ইটভাটার জন্য বর্গা দিয়েছেন। এখন তাঁদের না খেয়ে মরার মতো অবস্থা।বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. বদরুল আলম জানান, সামাজিক বনায়নের আধ কিলোমিটারের মধ্যে ইটভাটাটি করা হচ্ছে। এর পাশেই রয়েছে লোকালয় ও ব্যক্তিমালিকানাধীন বাগান। এটি হলে বন, পরিবেশ ও প্রতিবেশের খুব ক্ষতি হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ইটভাটা নিয়ন্ত্রণের দায়িত্ব জেলা প্রশাসনের। এ বিষয়ে লিখিতভাবে জেলা প্রশাসককে জানানো হয়েছে।কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, ইটভাটা করতে হলে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের ছাড়পত্র লাগে। সবকিছু ঠিক থাকলে জেলা প্রশাসক অনুমোদন দেন। হয়তো অনুমোদন ছাড়াই কাজ শুরু করা হয়েছে। বিধিমালা লঙ্ঘন করে ইটভাটা তৈরি করা হলে গুঁড়িয়ে দেওয়া হবে।