চট্টগ্রামের পটিয়ার কেলিশহরের খিল্লপাড়ায় আবাসিক প্রকল্প তৈরির উদ্দেশ্যে পাহাড় ও গাছ নিধনের ঘটনায় শামীম রিয়েল এস্টেট নামের আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম পরিবেশ আদালতে ও গত বুধবার পটিয়া থানায় এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের মালিক এম এম শামীমুজ্জামানের বিরুদ্ধে মামলা দুটি করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৪(১) ৪(২) ৬(খ) ও ১২ এবং একই আইনের ১৫(১) এর টেবিলের ২,৫ ও ১২ ধারায় এই মামলা দুটি করা হয়।মামলা দুটির বাদী চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হারুন-অর-রশীদ বলেন, ‘আমরা থানায় একটি এবং পরিবেশ আদালতের যুগ্ম জেলা জজ মশিউর রহমানের আদালতে অপর একটি মামলা করেছি। শামীমুজ্জামান পাহাড় কেটে ও অনুমতি না নিয়ে ইট ভাটা তৈরি করে অপরাধ করেছেন। পাশাপাশি তিনি আবাসন প্রকল্পের জন্য পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেননি।’এর আগে পরিদর্শক হারুন অর রশীদ খিল্লাপাড়া এলাকা পরিদর্শন শেষে বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জাফর আলম বরাবরে একটি প্রতিবেদন দেন। এতে বলা হয়, গত ২৭ মার্চ দৈনিক প্রথম আলোয় এ ব্যাপারে সংবাদ প্রকাশের পর ২৮ মার্চ তিনি সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখেন দুই-তিন মাস ধরে ৭০-৮০ ফুট উঁচু পাহাড়ে দুটি স্ক্যাবেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে। এ ছাড়া পাঁচ-ছয় হাজার বৃক্ষ নিধন করা হয়েছে।’