পাহাড় ও সমতলের সেতুবন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান-চন্দনাইশ সীমান্তের বটতলিতে চেমি খালের ওপর সেতুর গোড়ার দুই পাশের মাটি দেবে যাওয়ায়  স্থানীয় লোকজন নিজেদের টাকায় বানালেন আরেকটি কাঠের সেতু  প্রথম আলো
বান্দরবান-চন্দনাইশ সীমান্তের বটতলিতে চেমি খালের ওপর সেতুর গোড়ার দুই পাশের মাটি দেবে যাওয়ায় স্থানীয় লোকজন নিজেদের টাকায় বানালেন আরেকটি কাঠের সেতু প্রথম আলো

বান্দরবান-চন্দনাইশ সীমান্তের বটতলিতে চেমি খাল। তার ওপর পাকা সেতু। এই সেতু পাহাড় ও সমতলের দুই পারের মানুষের মধ্যে গড়ে তোলে সেতুবন্ধ। কিন্তু নির্মাণের কয়েক বছর পরই সেতুর গোড়ায় দুই পাশের মাটি দেবে গেলে বাঁধে বিপত্তি। বাড়তে থাকে চলাচলের ভোগান্তি। শেষে এগিয়ে এল দুই পারের মানুষ। সেতুবন্ধ অটুট রাখতে নিজেরাই বানালেন আরেকটি কাঠের সেতু। যা সংযুক্ত করা হলো পুরোনো সেতুর সঙ্গে।
শঙ্খ নদে গিয়ে পড়া চেমি খালের পূর্ব তীরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বটতলি। আর পশ্চিম তীরে চট্টগ্রামের চন্দনাইশের ধোপাছড়ির বটতলি। দুই বটতলির মানুষ যুগ যুগ ধরে আত্মীয়ের মতোই বসবাস করে আসছে। উৎসব-পার্বনে একে অপরের অতিথি হয়ে আসে। ছোট্ট বটতলি সেতুটিই মানুষগুলোর মধ্যে এ বন্ধন তৈরি করে দিয়েছে।
পশ্চিম পাড়ের (ধোপাছড়ি) বটতলির আবু তালেব জানান, বান্দরবানের বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এ ছাড়া তাঁরা কৃষিপণ্য বিপণন ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কাজে নিয়মিত বান্দরবানে যাওয়া-আসা করেন বটতলি সেতু দিয়ে। পূর্ব তীরের পাহাড়ের আদিবাসীরাও সমতলের ধোপাছড়ি ও চন্দনাইশের একইভাবে যাতায়াত করেন।
জানা যায়, স্থানীয় লোকজনের কথা বিবেচনা করে ২০০৪ সালে বেরসকারি উন্নয়নসংস্থা ওয়ার্ল্ড ভিশন বটতলি সেতু নির্মাণ করে। কিন্তু নির্মাণের দুই বছর পর ২০০৬ সালের শেষ দিকে সেতুটির দুই পাশের মাটি দেবে যায়। এরপর থেকে দুই তীরের মানুষ চেমি খাল পারাপারে বিশেষ করে বর্ষায় সমস্যা হতো বেশি। শেষে দুই পারের মানুষ মিলে চাঁদা তুলে চলতি বছরের জানুয়ারি মাসে কাঠের সেতুটি নির্মাণ করে।
পূর্ব পাড়ের উমং মারমা জানান, পশ্চিম পাড়ের মানুষের ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া-আসা করার জন্য সেতুটি বেশি জরুরি। এ জন্য সেতুর ওপর আরেকটি কাঠের সেতু তৈরির উদ্যোগ নেন তাঁরা।
পশ্চিম পাড়ের আবুল হোসেন বলেন, সেতু নির্মাণে দুই পারের মানুষ এগিয়ে এসেছেন। কেউ টাকা, কেউ গাছ-তক্তা কিংবা শ্রম দিয়ে সাহায্য করেছেন। সবার প্রচেষ্টায় কাঠের সেতু তৈরি হলো।