পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড় কাটা বন্ধ, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমুদ্রসৈকতের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ এবং প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার দাবিতে কক্সবাজারে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ। এতে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওই পরিষদের সভাপতি দীপক শর্মা। সমাবেশে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী বলেন, সম্প্রতি একটি প্রভাবশালী মহল উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বেশ কয়েকটি উঁচু পাহাড় কেটে ২২০ একরের তিন ফসলি কৃষিজমি ও সরকারি খাল ভরাট করে তৈরি করছে ‘ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাব এবং ফিল্ম ইন্ডাস্ট্রি’। এতে ওই এলাকায় খাদ্যসংকটের পাশাপাশি বর্ষা মৌসুমে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। জমি ভরাটের জন্য পাহাড় কাটার ফলে পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। পাহাড় কাটা বন্ধ করার চেষ্টা করলে প্রভাবশালী মহলটি তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি এম এ বারী বলেন, সমুদ্রসৈকতসংলগ্ন উঁচু পাহাড় কেটে ভবন তৈরির হিড়িক দেখলে মনে হয় না এখানে প্রশাসন আছে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, শহরের বাইপাস সড়কের দুই পাশে এখন কোনো পাহাড় অক্ষত নেই। যেদিকে চোখ যায় শুধু দখল আর দখল। দীপক শর্মা বলেন, হাইকোর্ট সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলেও প্রশাসন লোক দেখানো কয়েকটি অভিযান চালিয়ে নীরব ভূমিকা পালন করছে। এতে জেলাব্যাপী প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।সমাবেশে আরও বক্তব্য দেন কক্সবাজার পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, প্রবীণ নারীনেত্রী খোরশেদ আরা হক, প্রকৌশলী কানন পাল, কবি বিশ্বজিৎ সেন, আইনজীবী ফরিদুল আলম, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ। পাহাড় কাটা ও সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, পাহাড় কেটে ভবন নির্মাণ ও ভূমি দখলের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা করা হয়েছে। পাশাপাশি অবৈধ দখলদারের তালিকাও তৈরি হচ্ছে।