কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পর্যটন কেন্দ্র পেঁচারদ্বীপ এলাকায় জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট তৈরির কাজে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের এক নোটিশে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া কারণ দর্শানোর জন্য ২৭ ডিসেম্বর কক্সবাজার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।এদিকে তড়িঘড়ি করে গতকাল ভোরে পাহাড় কাটার কাজে ব্যবহূত এক্সক্যাভেটরটি সরিয়ে নিয়েছে গণপূর্ত অধিদপ্তর।কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশরাফ প্রথম আলোকে বলেন, গণপূর্ত অধিদপ্তরকে পাহাড় কাটা বন্ধে আগেও নোটিশ দেওয়া হয়েছিল। গতকালও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বরাবর ফ্যাক্সে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে। পরিচালকের পক্ষে সহকারী পরিচালক তাজমিনুর রহমানের সই করা এ নোটিশে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং সংশ্লিষ্ট ঠিকাদারসহ ২৬ ডিসেম্বর চট্টগ্রাম কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার তিনি পাহাড় কাটার ঘটনার তদন্তে যাচ্ছেন বলে জানান।উল্লেখ্য, গতকাল বুধবার প্রথম আলোর প্রথম পাতায় ‘পাহাড় কেটে সমুদ্র গবেষণা!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।খোঁজ নিয়ে এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল প্রথম আলোয় খবর ছাপা হওয়ার পর গণপূর্ত অধিদপ্তরের টনক নড়ে। গতকাল ভোরেই পাহাড় কাটার কাজে ব্যবহার করা এক্সক্যাভেটরটি সরিয়ে ফেলা হয়। গতকাল সেখানে স্থাপনা তৈরির কাজ চললেও পাহাড় কাটা এবং নিচু জমি ভরাটের কাজ বন্ধ রাখা হয়।প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে রামুর পেঁচারদ্বীপে প্রায় ৪০ একর পাহাড় শ্রেণীর জমির ওপর দেশের একমাত্র জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে ৮১ কোটি টাকার এ প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়।