পাহাড় কাটা মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত রোববার চট্টগ্রাম পরিবেশ আদালত তাঁকে জেলহাজতে পাঠান।আদালত সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদি প্রকল্প এলাকার কোম্পানির মার ঢালার মুখ নামক স্থানে মাটি কাটার যন্ত্র দিয়ে পাহাড় কেটে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের মাঠ ভরাট করা হয়। পাহাড়টি কাটার জন্য বেতাগী ইউপির চেয়ারম্যান কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পের টাকা বরাদ্দ দেন। গত বছরের ১৯ জুন প্রথম আলোতে এ ব্যাপারে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ঘটনাটি তদন্ত করে গত বছরের ১৯ নভেম্বর বেতাগী ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ দুজনের বিরুদ্ধে মামলা করে। আসামি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গত রোববার চট্টগ্রাম পরিবেশ আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক মশিউর রহমান খান তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।