পাহাড় কাটা শেষ, এবার হবে মুরগির খামার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা আবাসন এলাকায় পাহাড় কেটে সমতল ভূমি করা হচ্ছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান শেখ মো. নুরুল আলম পাহাড়টি কেটেছেন। পাহাড় কাটার কথা স্বীকার করে তিনি দাবি করেন, পাহাড়টি তাঁর ইজারা নেওয়া। সেখানে মুরগির খামার করার কথা ভাবছেন। উপজেলা ভূমি কার্যালয়ের একটি সূত্র জানায়, জ্যৈষ্ঠপুরা মাৈজার আরএস ২৯৭৬ নম্বর খতিয়ানের দাগ নম্বর ৭০৫৭ এবং বিএস ১ নম্বর খতিয়ানের ৮১০৭ নম্বর দাগের এক একর ৫৯ শতাংশ পাহাড়ি ভূমির মালিক বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার (ভূমি)। কাউকে ওই পাহাড় ইজারা দেওয়া হয়নি।আমুচিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. ইসমাইল পাহাড় কাটা প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে একটি প্রতিবেদন দাখিল করেছেন। এতে বলা হয়েছে, জ্যৈষ্ঠপুরা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৮১০৭ নম্বর দাগে এক দশমিক ৫৯ একর খিলা (বাস্তবে পাহাড়শ্রেণী) ভূমির উত্তর-পূর্বাংশে নুরুল আলম পাহাড় কেটেছেন। সরেজমিনে জানা গেছে, জ্যৈষ্ঠপুরা এলাকার আবাসন প্রকল্পসংলগ্ন সড়ক লাগোয়া পাহাড়টির দুই পাশে কাটা হয়েছে। উত্তরাংশের কাটা স্থানটি বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে নুরুল আলমের নামে একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। পাহাড়ের দুই পাশ কেটে সমতল ভূমি বানানো হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খোদ পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের নির্বাচনী এলাকায় প্রকাশ্যে এভাবে পাহাড় কাটা হলে সারা দেশে বন ও পরিবেশের কী দশা!’স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাহাড়টি প্রভাবশালীরা দখল করে গাছপালা ও মাটি কেটে চলেছেন। ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে পাহাড়ের পাদদেশে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক। তিনি বলেন, ‘দল ক্ষমতা ছাড়ার পর কর্মীরা ঝিমিয়ে পড়লে ঘরটি ধীরে ধীরে ভেঙে পড়ে।’ পাহাড় কাটা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাহাড়ের মাটি কাটা হচ্ছে বলে শুনেছি। তবে আমি সেখানে যাইনি।’বিআরডিবির চেয়ারম্যান নুরুল আলম মুঠোফোনে পাহাড় কাটার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘পাহাড়টি আমার নামে ইজারা নেওয়া ছিল। সরকার ১৯৮০-৯০ সাল পর্যন্ত আমার কাছ থেকে খাজনাও আদায় করেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই পাহাড় কেটে সমতল ভূমিতে মুরগির ফার্ম (খামার) করার পরিকল্পনা আছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম বলেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার প্রতিবেদন পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জাফর আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি কেউ আমাদের জানায়নি। পরিবেশ অধিদপ্তরের লোক যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এখনই এ বিষয়ে কথা বলছি। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’