কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকায় পাহাড় কাটা হচ্ছে না; শিল্প-কারখানার অবকাঠামোগত স্থাপনা তৈরির জন্য পাহাড়ের বিন্যাসকে চমৎকার আঙ্গিকে সাজানো হচ্ছে। গতকাল বুধবার কর্ণফুলীর দক্ষিণ পার আনোয়ারায় অবস্থিত কেপিইপিজেড এলাকায় সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। কেইপিজেডের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে একটি পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে এলাকাটি গড়ে তোলা হচ্ছে। ২২ জানুয়ারি কেইপিজেড এলাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কেইপিজেড কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সরকার ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা নিয়েই কেইপিজেড গড়ে তোলা হচ্ছে। কেইপিজেডকে একটি মডেল শিল্প এলাকা হিসেবে দাঁড় করাতে বাণিজ্যিক প্রকল্প ছাড়াও বনায়ন, তথ্যপ্রযুক্তি অঞ্চল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও বিনোদনের স্থান হিসেবে রূপ দেওয়ার মহাপরিকল্পনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে ১৭টি কৃত্রিম হ্রদ সৃষ্টি করে পানির উৎস তৈরি করা হয়েছে। তা ছাড়া ১৬ লাখ গাছ লাগিয়ে জাতীয় ট্রফিও অর্জন করে কেইপিজেড। সংবাদ সম্মেলনে কেইপিজেডের মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান ছাড়াও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।