পাহাড় কাটার অভিযোগে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ডে পাহাড় কাটার অভিযোগে গতকাল বুধবার সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় একজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। জানা গেছে, ১৪ জুলাই পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর বারবকুণ্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামের কাটগড় মৌজায় প্রায় ৮০ ফুট উচ্চতার আনুমানিক তিন একর পাহাড় অননুমোদিতভাবে কাটা হয়েছে দেখতে পান।মামলার বাদী অধিদপ্তরের পরিদর্শক মো. হারুনুর রশিদ বলেন, মোয়াজ্জেম হোসেন খান (৬২) নামের এক ব্যক্তি আরও কয়েকজনের সঙ্গে এই পাহাড় কাটছিলেন। তাঁরা পাহাড় কেটে মাটি বিক্রি করছিলেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে চট্টগ্রাম নগরের গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি এলাকায় পাহাড় কাটার সময় দুই শ্রমিককে হাতেনাতে আটক করেছে অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল। তাঁরা হলেন মো. আলম (৩৭) ও মো. তারা মিয়া (৫০)। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।আটক ব্যক্তিরা জানান, মো. এনায়েত উল্লাহ নামের এক ব্যক্তি তাঁদের পাহাড় কাটায় নিয়োজিত করেছেন।