চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা সৃষ্টি ও পরিবেশ বিপর্যয়ের জন্য পরিবেশ অধিদপ্তরকে দায়ী করেছেন চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বুধবার বিকেলে নগরের চশমা হিলে তাঁর নিজ বাসভবনে স্থানীয় ১৪ দলের এক সমন্বয় সভায় তিনি এই অভিযোগ করেন।
গতকাল মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমন্বয় সভায় অংশ নেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জাতীয় পার্টি (জেপি) মো. আজাদ দোভাষ, গণআজাদী লীগের নজরুল ইসলাম, সাম্যবাদী দলের চট্টগ্রাম শাখার আহ্বায়ক অমূল্য বড়ুয়া, উত্তর জেলা জাসদের বেলায়েত হোসেন, ত্বরিকত ফেডারেশনের কাজী মো. আহসানুল মোরশেদ কাদেরী প্রমুখ।
সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, নগর ও আশপাশের এলাকায় নির্দয়ভাবে পাহাড় কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসী ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের এক শ্রেণির দুর্নীতিপরায়ণ কর্মকর্তার ইন্ধনে নগরে প্রতিনিয়ত অবৈধভাবে পাহাড় কাটা চলছে। দুর্নীতিপরায়ণ এসব কর্মকর্তাদের চট্টগ্রাম থেকে সরিয়ে নিতে হবে।
মহিউদ্দিন চৌধুরী নগরকে বাসযোগ্য করে গড়ে তোলার তাগিদ দিয়ে বলেন, নগরে জলজট ও যানজটসহ জনস্বার্থবিষয়ক সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে। এ জন্য প্রবল জনমত তৈরি করতে ১৪ দলের নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদী খননের জন্য চাপ সৃষ্টি করতে ১৪ দলের আয়োজনে নগরে জনসভা করা হবে।
মহিউদ্দিন চৌধুরীর অভিযোগ, চট্টগ্রামে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের ভর্তি ও টিউশনি ফি নেওয়া হচ্ছে। বাণিজ্যিকীকরণ বন্ধ করতেও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম বন্দরে কর্মচারী ও শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বাণিজ্য হচ্ছে বলে মহিউদ্দিন চৌধুরী বৈঠকে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, একটি চক্র প্রতিটি নিয়োগের জন্য ৫ থেকে ১০ লাখ টাকা নিচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই নিয়োগ বাণিজ্য বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।