পাহাড় কাটার প্রতিবাদে চট্টগ্রামে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে পাহাড় কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগ, পিপলস ভয়েস ও নাগরিক মৈত্রী। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।বক্তারা বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, ইসলামপুর ও দক্ষিণ খুলশী এবং কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের নাকের ডগায় নির্বিচারে পাহাড় কাটা চলছে। পরিবেশবিধ্বংসী এ কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ ক্রমাগত বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাঁরা পাহাড় দখলদারদের শাস্তির দাবি জানান।অধ্যাপক মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে মানববন্ধন-উত্তর নাগরিক সমাবেশে বক্তব্য দেন জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান, নাগরিক মৈত্রীর ফেরদৌস আহমেদ, চট্টগ্রাম পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রহমান, বর্ণালীর সালাহউদ্দিন, কায়সার আলম প্রমুখ।