পাহাড় কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় কাটার প্রতিবাদে চট্টগ্রামের টাইগারপাসে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার সকালে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
তবে কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম। তিনি জানান, বাটালি পাহাড় কাটার প্রতিবাদে টাইগারপাসে মানববন্ধন করতে গেলে খুলশী থানা-পুলিশ বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করেই কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোয়ারা বেগমের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন গতকাল সকালে বাটালি পাহাড়ের পাশে টাইগার পাস এলাকায় যান। সেখানে তাঁরা মানববন্ধন করতে চাইলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করে তাঁরা চলে যান। মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী মহল বাটালি পাহাড় কেটে সমতল করে ফেলছে। এ নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে মনোয়ারা বেগম ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ দেলোয়ার, এস এম ইব্রাহিম, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ সেখানে গিয়েছিল। কর্মসূচি পালনে কোনো বাধা দেওয়া হয়নি। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য পুলিশ কাউন্সিলরকে বলেছেন।