পাহাড় কাটার সময় কেইপিজেডে ১০ বুলডোজার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় কেটে ভূমি সমতল করার সময় গতকাল শনিবার সকালে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কেইপিজেড) থেকে ১০টি বুলডোজার জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযোগে কেইপিজেডকে দেওয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিল এবং তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ।অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে গতকাল অভিযান চালানো হয়। এর আগে গত ২২ জানুয়ারি তিনি কেইপিজেডে প্রথম দফা অভিযান চালান। ওই সময় তিনি কর্তৃপক্ষকে পাহাড় কাটা বন্ধ রাখার নির্দেশ এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। এর পরও আবার পাহাড় কাটা শুরু করায় গতকাল অভিযান চালানো হয়। অভিযানের সময় কেইপিজেড এলাকার ভেতরে বুলডোজার দিয়ে কাটা পাহাড়ের মাটি সরিয়ে ভূমি সমান করতে দেখা যায়।অভিযানে র‌্যাব ও পুলিশের সহায়তায় পাহাড় কাটায় নিযুক্ত সাত শ্রমিককে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে ১০টি বুলডোজার জব্দ করে লরির সাহায্যে আনোয়ারা উপজেলা প্রশাসনের জিম্মায় পাঠিয়ে দেওয়া হয়।এ প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, ‘কেইপিজেড কর্তৃপক্ষকে আমরা জানুয়ারিতে পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলাম। কিন্তু তারা ওই নিষেধ না মেনে পুনরায় পাহাড় কাটছে। আজ হাতেনাতে প্রমাণ পেয়েছি। আমরা তাদের আগের ছাড়পত্র বাতিল করব। পাহাড় কাটার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পরিবেশের ক্ষতিসাধনের জন্য জরিমানাও আদায় করা হবে।’ মুনীর চৌধুরী আরও বলেন, ‘কেইপিজেড এখানে ৪০ থেকে ৬০ ফুট উচ্চতার পাহাড় কেটে সমতল করেছে। তারা এখানে দুটি জলাধারও ভরাট করেছে। পরিবেশ আইনে এগুলো দণ্ডনীয় অপরাধ।’ পরিবেশ অধিদপ্তর থেকে ২০০৯ সালের ২৩ নভেম্বর ৩৩টি শর্ত সাপেক্ষে কেইপিজেডকে পাহাড় কাটার অনুমতি দেওয়া হয়। পরে গত ২৪ নভেম্বর ওই অনুমতিপত্র নবায়ন করা হয়। শর্তে লেখা রয়েছে, ‘অনুমোদিত নকশা অনুযায়ী পাহাড় কর্তন ও মোচন করা যাবে। পাহাড় টিলা কাটার আগে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করতে হবে।’ পাহাড় কাটার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কেইপিজেডের মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব.) মো. শাহজাহান বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নিয়েই এখানে শিল্পায়নের জন্য প্লট তৈরি করছি। তবে নিষেধাজ্ঞার পর যেসব এলাকায় কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল, সেখানে বন্ধ রেখেছি।’ তিনি বলেন, ‘আজ যেখান থেকে উনি (মুনীর চৌধুরী) বুলডোজার জব্দ করেছেন, তা আরেকটি নতুন স্থান। সেখানে পাহাড় কাটা হচ্ছে না। শুধু বালুর ঢিবি সমান করা হচ্ছিল। যদি পাহাড়ি মাটি সমান না করি, তাহলে বহুতল ভবন নির্মাণ করব কীভাবে?’