পাহাড় কাটার সময় ধস, শ্রমিক নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুমে গত শুক্রবার সন্ধ্যায় পাহাড় কাটার সময় মাটি ধসের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় সন্ধ্যায় কয়েকজন শ্রমিক পাহাড় কেটে ট্রাকে ভর্তি করছিলেন। পাহাড় কেটে তৈরি করা গর্তের ভেতর ট্রাক ঢুকিয়ে মাটি ভর্তি করার সময় ধসের এই ঘটনা ঘটে। এতে আবুল বশর (১৯) নামের একজন মাটি কাটার শ্রমিকনিহত হন। এ সময় আরও দুজন সামান্য আহত হন।
ঘুনধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সড়ক নির্মাণকাজের ঠিকাদারকে মাটি সরবরাহের জন্য পাহাড় কেটে ট্রাকে ভর্তি করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর বলেন, ট্রাকের কাচ ভেঙে আবুল বশরের বুকে ঢুকে গেলে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।