পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও প্রয়োজনে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলার পুলিশ সুপার এবং টেকনাফ ও উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এ নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ১০ দিনের মধ্যে রেজিস্ট্রারের মাধ্যমে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া জেলায় থাকা পাহাড়গুলো কেটে বাড়িঘর নির্মাণ বন্ধে নিয়মিত তদারকি করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।‘ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাড়ি নির্মাণ’ শিরোনামে গত সোমবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এক আইনজীবী গতকাল রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রুলে কক্সবাজার জেলার বিভিন্ন পাহাড় রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে টেকনাফ, উখিয়া ও অন্যান্য উপজেলার পাহাড় কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। আগামী তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, উখিয়া ও টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ‘দেশের প্রচলিত আইনে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ নিষিদ্ধ। এভাবে পাহাড় কাটার ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। এ ছাড়া সংবিধানের ৩১ অনুচ্ছেদে বর্ণিত আমাদের বেঁচে থাকার মৌলিক অধিকারের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে শুধু পরিবেশের বিপর্যয় হবে, এমনটি নয়। বরং অতিবৃষ্টির কারণে প্রায়ই চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড়ধসে শত শত মানুষের মৃত্যু হয়। পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ বন্ধ না হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে না। এ ব্যাপারে আদালতের নির্দেশনা প্রয়োজন।’