পাহাড় কাটায় জড়িত সন্ত্রাসীদের শাস্তি দাবি
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে পূর্ব সরফভাটা কালুশাহপাড়া গ্রামের বাসিন্দাদের কবরস্থান হিসেবে ব্যবহূত পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সরফভাটা ইউনিয়নের কালুশাহপাড়া গ্রামের শতাধিক মানুষ গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা সদরের ইছাখালী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধনের সময় কালুশাহপাড়া গ্রামের নেজামুল ইসলাম (৫৫), আবুল বশর (৫১), ফরিদ উদ্দিন (৩৬), কালুশাহপাড়া জামে মসজিদের ইমাম ছৈয়দ আহমদ (৪৭) প্রমুখ বক্তব্য দেন। বক্তারা পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনি ব্যবস্থার আওতায় গ্রেপ্তারের দাবি জানান।এদিকে প্রথম আলোর রাঙ্গুনিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিলের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ করে মানববন্ধন করেছেন পাহাড় কাটায় জড়িত ব্যক্তিরাও। গতকাল দুপুর একটায় উপজেলার গোডাউন এলাকায় তাঁরা মানববন্ধন করেন। পাহাড় কাটার মূল হোতা ইসমাইল এ সময় গোডাউন এলাকায় মাইক টাঙিয়ে প্রথম আলোয় পাহাড় কাটার সংবাদ ছাপিয়ে নিরীহ মানুষকে হয়রানির কথা উল্লেখ করে বলেন, ‘প্রথম আলোর রাঙ্গুনিয়া প্রতিনিধি একজন চাঁদাবাজ। নিরীহ মানুষ তাঁর চাঁদাবাজি ও হয়রানির বিচার চায়।’ এদিকে ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর থেকে পাহাড় কাটা বন্ধ রাখেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত রোববার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান পাহাড় কাটার স্থান পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে মামলা করেন।