পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে পূর্ব সরফভাটা কালুশাহপাড়া গ্রামের কবরস্থান হিসেবে ব্যবহূত পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। এদিকে প্রথম আলোর রাঙ্গুনিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিলের বিরুদ্ধে চাঁদাবাজি ও নিরীহ মানুষদের হয়রানির অভিযোগ এনে পাহাড় কাটায় জড়িত ব্যক্তিরাও মানববন্ধন করেছেন। গতকাল বেলা একটায় উপজেলার গোডাউন এলাকায় তাঁরা মানববন্ধন করেন। এতে মাইক টাঙিয়ে বক্তব্য দেন ইসমাইল।ইসমাইল অভিযোগ করেন, ইব্রাহিম খলিল প্রথম আলোয় পাহাড় কাটার সংবাদ ছাপিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন। তিনি কুখ্যাত চাঁদাবাজ। নিরীহ মানুষ তাঁর চাঁদাবাজি ও হয়রানির বিচার চান। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় আয়োজিত পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে মানববন্ধনে গ্রামের কয়েক শ বাসিন্দা অংশ নেন। এতে নেজামুল ইসলাম, আবুল বশর, ফরিদ উদ্দিন, আবদুল গফুর, কালুশাহপাড়া জামে মসজিদের ইমাম ছৈয়দ আহমদ প্রমুখ বক্তব্য দেন। তাঁরা পাহাড় কাটায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। আবদুল গফুর বলেন, ‘সরফভাটা ইউনিয়নের সন্ত্রাসী ইসমাইল, কুসুম, মুজিবুল, খোকন ও নাসির সংঘবদ্ধ হয়ে যুবলীগের পরিচয়ে ১৯ সেপ্টেম্বর থেকে ৪০০ পরিবারের কবরস্থান হিসেবে ব্যবহূত পাহাড় কেটে প্রবাসী আবদুর রাজ্জাকের পুকুর ভরাট করছে। ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় “পাহাড় কেটে পুকুর ভরাট” শীর্ষক সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর পাহাড় কাটা বন্ধ হয়।’ তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে। এ কারণে বাধ্য হয়ে তাঁরা মানববন্ধন করছেন। ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কর্মকর্তা আবদুল মান্নান পাহাড় কাটার স্থান পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে মামলা করেছেন।