পাহাড় কাটায় দুই প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিএসআরএম স্টিল মিলস লিমিটেডসহ দুটি প্রতিষ্ঠানকে গতকাল বুধবার ৫০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।এদিকে চট্টগ্রাম নগরের হালিশহরে অবৈধভাবে পরিচালিত একটি পলিথিন কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম এই জরিমানা করেন।বিএসআরএমকে ৪০ লাখ ৫০ হাজার টাকা এবং শামীম রিয়েল এস্টেটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।সূত্র জানায়, শামীম রিয়েল এস্টেট পটিয়ার কেলিশহরে পাহাড় কেটে আবাসন প্লট বানিয়ে তা বিক্রি করছিল। প্রতিষ্ঠানটির পাহাড় কাটা নিয়ে এর আগে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।অধিদপ্তর সূত্র জানায়, বিএসআরএম স্টিল মিল চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অননুমোদিভাবে পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে কারখানা নির্মাণ করছিল। ১ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল এলাকাটি পরিদর্শন করার পর গতকাল অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে এই জরিমানা করা হয়। জরিমানার টাকা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের পাশাপাশি কাটা পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, বিএসআরএম খুব ভয়াবহভাবে পাহাড় কেটেছে। তাই তাদের এই জরিমানা করা হয়। একইভাবে পটিয়ায় শামীম রিয়েল এস্টেট পাহাড় কেটে প্লট আকারে বিক্রি করছিল।অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে পাহাড় কেটে আবাসন প্রকল্প ও ইটভাটা নির্মাণ করে শামীম রিয়েল এস্টেট। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।এদিকে দক্ষিণ পাহাড়তলীর প্রাণ হরিদাস রোডের আটলান্টিক প্যাকেজিং নামের একটি পলিথিন কারখানায় অভিযান চালান অধিদপ্তরের কর্মকর্তারা। গতকালের ওই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের রসায়নবিদ জমির উদ্দিন ও পরিদর্শক হারুন অর রশিদ। জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি পরিবেশ ছাড়পত্র না নিয়ে বিক্রি-নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছিল। সেখান থেকে ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।