পাহাড় কাটায় পাঁচ লাখ টাকা জরিমানা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় ও পাহাড়ের পাদদেশ থেকে মাটি কেটে জলাশয় ভরাটের দায়ে চার ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সদস্য খায়রুল বশার ও কুতুবুদ্দিন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল শনিবার এ চারজন কর্মকর্তাকে ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরে তলব করে এ দণ্ডাদেশ দেন। পরিবেশ অধিদপ্তর সূত্রের বিবরণ অনুযায়ী, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা এলাকায় এক সপ্তাহ ধরে পাহাড় ও পাহাড়ের পাদদেশ থেকে বালু ও মাটি কেটে নিয়ে পার্শ্ববর্তী বদরখালী বাজারের দক্ষিণ পাশের একটি জলাশয় ভরাট করা হচ্ছে। বদরখালী কৃষি উপনিবেশ সমিতির চারজন কর্মকর্তা মার্কেট তৈরির জন্য প্লট বরাদ্দ দিতে জলাশয়টি অবৈধভাবে ভরাট করছিলেন।জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, জরিমানার পাশাপাশি জলাশয়ের ভরাট করা অংশ থেকে মাটি অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।