পাহাড় কাটায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকায় পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে তিন ব্যক্তিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কেটে ফেলা মাটি ভরাট করে সেখানে তাঁদের বনায়ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ নির্দেশ দেন। যে তিন ব্যক্তিকে জরিমানা করা হয়, তাঁরা হলেন—মো. মাঈন উদ্দিন, ডা. মাসুদ আহমদ ও এম এ মান্নান চৌধুরী। তাঁরা প্রায় ছয় একর আয়তনের ৭০ ফুট উচ্চতাবিশিষ্ট একটি পাহাড় অবৈধভাবে কেটে সেখানে বসতঘর নির্মাণ করেন বলে পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়। জানা গেছে, ১৯৬৬ সালে জেলা প্রশাসকের বন্দোবস্তমূলে হস্তান্তরিত পাহাড়টি ১৯৯৭ সালে স্থানীয় এই তিনজন ব্যবসায়ী ও পেশাজীবী কিনে নেন। পরে এখানে বসতবাড়ি করে তা ভাড়া দেওয়া হয়। এখানে বর্তমানে অর্ধশতাধিক বসতবাড়ি রয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, মাটি কেটে ফেলায় পাহাড়টির বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। পাহাড়টি ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ জন্য জরিমানার পাশাপাশি পাহাড়টি সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।