পাহাড় কেটে আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাট!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় কেটে আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারের অধিগ্রহণ করা প্রকল্পের জমি ছাড়াও স্থানীয় লোকজনের জায়গার ওপর এক সপ্তাহ ধরে এক্সক্যাভেটর (স্বয়ংক্রিয় খননযন্ত্র) দিয়ে পাহাড় কেটে জমি ও খাল ভরাট করা হচ্ছে।এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে আবদুল হক নামের একজন শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। গত শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের লোকজন ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা বন্ধ করে দেন এবং দুটি এক্সক্যাভেটর ও দুটি ট্রাক আটক করেন।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নে দিনেশপুর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের জন্য এক একর ৬০ শতক খাসজমি বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছেন শাপলাপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আবদুল খালেক প্রকল্পের নামে তাঁদের ৮০ শতক জমি দখল করেছেন। প্রকল্প বাস্তবায়নের জন্য অন্য জায়গা থেকে মাটি এনে ভরাট করার কথা থাকলেও তিনি পার্শ্ববর্তী ছোট ছোট পাহাড় কেটে সেই জমি ভরাট করছেন।দিনেশপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জকির আলম বলেন, ‘অনেক দিনের পুরোনো খাল দখল করে স্থানীয় চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে আশ্রয়ণ প্রকল্প করছেন। আর আশ্রয়ণ প্রকল্পের জন্য আমাদের প্রায় ৮০ শতক জমি দখল করে নিয়েছেন।’ তিনি বলেন, ‘পানি চলাচলের খাল বন্ধ হয়ে গেলে সামনে বর্ষার মৌসুমে এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি প্রায় ২০ একর জমিতে ধানের চাষ করা সম্ভব হবে না। এ কারণে এর প্রতিকার চেয়ে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে পাহাড় কেটে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন।’এলাকাবাসী জানান, দিনেশপুর কুতুবদিয়াপাড়ার বাসিন্দা নজির আহমদ, জাফর আহমদসহ কয়েকজন আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাট করার জন্য তাঁদের মালিকানাধীন পাহাড়ের মাটি বিক্রি করেন। সমতল জমির উপযোগী করার জন্য মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে তাঁরা এই মাটি বিক্রি করেন। কিন্তু পাহাড় কাটা একেবারেই নিষেধ, তা জানেন না বলে দাবি করেন জাফর আহমদ।এদিকে, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আবদুল কাইয়ুম গত শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পান। আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সরকারি জায়গা ও খতিয়ানভুক্ত জমিতে কোনো ধরনের পাহাড় কাটা বা টিলা কর্তন ও আশপাশ থেকে মাটি বা বালু নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।পাহাড় কাটা ও জমি দখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ‘ব্যক্তিগত খতিয়ানভুক্ত মালিকদের বসতভিটার উঁচু জমি থেকে চুক্তির মাধ্যমে মাটি কিনে নিয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের কাজ করছি। আর মাটি বিক্রেতারা উঁচু জায়গাটি নিচু করে বসতবাড়ি তৈরি করার জন্য ওই মাটি বিক্রি করে। কিন্তু কোনো পাহাড় বা টিলা কাটা হয়নি।’এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, কাজ বন্ধ রাখার জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।