পাহাড় কেটে ওয়াসার জমি ভরাট!
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের নিচু জমি ভরাট করা হচ্ছে। ১৮ দিন ধরে রাতের আঁধারে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদি প্রকল্প এলাকার কোম্পানির মার ঢালার মুখ এলাকার একটি পাহাড় কেটে সমতলে পরিণত করা হলেও এ নিয়ে সবাই নিশ্চুপ। এলাকাবাসী জানায়, চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের নির্মাণকাজ বাস্তবায়নে উপজেলার পোমরা ইউনিয়নের সত্যপীর দরগাহসংলগ্ন ফসলি জমি অধিগ্রহণের পর মাটি ভরাটের কাজ শুরু হয় গত ২১ ডিসেম্বর। আর এই মাটি কাটা হচ্ছে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সৌদি প্রকল্প এলাকার প্রথম তোরণ থেকে এক কিলোমিটার অভ্যন্তরে কোম্পানির মার ঢালার মুখ নামক স্থানের পাহাড় থেকে।কালুমিয়া নামের স্থানীয় এক বাসিন্দা জানান, পাহাড়টি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বদিউল আলম তালুকদারের মালিকানাধীন। গত বছরের ১২ জুন পাহাড়টি কেটে ট্রাক দিয়ে উপজেলা সদরে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের মাঠ ভরাট করা হয়। ১৯ জুন এ ব্যাপারে প্রথম আলোয় সচিত্র সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাটির কাটার যন্ত্র ও ট্রাক জব্দ করে পাহাড় কাটা বন্ধ করে দেন। কিন্তু চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের নিচু জমি ভরাট করা জন্য গত ২১ ডিসেম্বর থেকে রাতের আঁধারে পাহাড়টি পুনরায় কাটা শুরু করে। ১৮ দিন ধরে পাহাড়ের মাটি দিয়ে প্রকল্পের প্রায় ৩৩ একর জমির দুই-তৃতীয়াংশ ভরাট করা হয়েছে।এ ব্যাপারে বদিউল আলম তালুকদার বলেন, এ এলাকায় কৃষি খামার প্রকল্প গড়তে পাহাড়টি সমতল করা প্রয়োজন। তবে পাহাড় কাটার সঙ্গে তিনি জড়িত নন দাবি করে বলেন, চট্টগ্রাম ওয়াসার প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকেরা দরপত্রের মাধ্যমে ওয়াসার কাছ থেকে মাটি ভরাটের কাজ হাতে নিয়েছেন। তাঁরাই পাহাড় কেটে প্রকল্পের জমি ভরাট করছেন।চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী ফজলুল্লাহ এ প্রসঙ্গে বলেন, পাহাড় কেটে প্রকল্পের মাটি ভরাটের কোনো কাজ ওয়াসা কাউকে দেয়নি। মেসার্স কর্ণফুলী এন্টারপ্রাইজের মালিক ইকবাল তালুকদার ৯১ লাখ ২০ হাজার এবং জাহেদ অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. আইয়ুবকে ৯১ লাখ ২০ হাজার টাকার পৃথক দুটি দরপত্রে মাটি ভরাটের কাজ দেওয়া হয়। পার্শ্ববর্তী অনুর্বর জমির মাটি কেটে প্রকল্প এলাকা ভরাট করা হচ্ছে বলে দাবি করেন তিনি।ঠিকাদার মো. আইয়ুব জানান, মাটি ভরাটের কাজ পেলে তা অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিক হিসেবে আবদুল আজিজ ও দিদারের কাছে তিনি তা বিক্রি করে দিয়েছেন। তারাই পাহাড় কেটে প্রকল্পের জমি ভরাট করছে।ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, পার্শ্ববর্তী জমি থেকে মাটি কেটে প্রকল্পের জমি ভরাট করা হচ্ছে। পাহাড় কেটে মাটি ভরাটের বিষয়ে তিনি অবগত নন। তবে ৪ জানুয়ারি রাতের আঁধারে পাহাড় কাটার খবর পেয়ে বিষয়টি নজরদারি করার জন্য রাঙ্গুনিয়া থানাকে বলা হয়েছে। বর্তমানে পাহাড় কাটা বন্ধ রয়েছে বলে তিনি দাবি করেন।