পাহাড় কেটে ঘর নির্মাণ
‘মিয়ানমারের সামরিক জান্তা চায় না রোহিঙ্গারা সে দেশে বসতি করুক। তাই আমাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। গুলি করে হত্যার পাশাপাশি লুট করা হচ্ছে ধনসম্পদ। নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের পাঁচ সদস্য নিয়ে রাতের আঁধারে নৌকা নিয়ে টেকনাফে প্রবেশ করি। এখানে এসে পাহাড়ে আশ্রয় নিয়েছি।’ কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া গ্রামের পাহাড়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী আমেনা বেগম (৩৮) গত শনিবার এসব কথা বলেন। গৃহবধূ রশিদা বেগম (৪২) ২ জুন স্বামী ও পাঁচ ছেলেমেয়ে নিয়ে টেকনাফে এসে এই পাহাড়ে বসতি গড়েছেন। তিনি বলেন, পুরুষেরা দিনের বেলায় সমুদ্রে মাছ ধরে ও শ্রমিকের কাজ করে সংসার চালান। আর নারী ও শিশুরা পাহাড় থেকে গাছ কেটে বাড়তি আয় করছে। বিভিন্ন পাহাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, মিয়ানমারের আরাকান রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আসা শত শত রোহিঙ্গা পাহাড় কেটে মাটির দেয়াল ও বাঁশের বেড়া দিয়ে ঘর তুলছেন। প্রভাবশালীদের সহযোগিতায় পাহাড় কেটে অবৈধভাবে রোহিঙ্গারা বসবাস করছেন বলে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন। কিন্তু প্রশাসন নীরব ভূমিকায়। রাজারছড়া বিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রভাবশালী ব্যক্তি ছৈয়দ আহমদ রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে পাহাড় কেটে বসতি স্থাপন করে আসছেন। শুধু মিঠাপানিরছড়া পাহাড়ে শতাধিক রোহিঙ্গা পরিবারের বসতি রয়েছে। অন্য পাহাড়ে রোহিঙ্গা বসতি আরও বেশি বলে জানান তিনি। পাহাড় কেটে রোহিঙ্গাদের বসতি স্থাপনে সহযোগিতা করায় ছৈয়দ আহমদের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে মামলা করেন রাজারছড়া বিট কর্মকর্তা মিজানুর রহমান। ওই মামলায় কিছুদিন আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। বন বিভাগ সূত্র জানায়, টেকনাফের তিনটি রেঞ্জের আওতায় ৩৯ হাজার ৪৯৪ একর বনভূমি রয়েছে। মিয়ানমারের রোহিঙ্গারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা নিয়ে উপজেলার ফকিরামোরা, ধুমপেরাংঘোনা, বৈদ্যরঘোনা, নাজিরঘোনা, শিয়াইল্ল্যারঘোনা, উরুমেরছড়া, নাইট্যংপাড়া, কেরুনতলি, বরুইতলি, জাহালিয়াপাড়া, মিঠাপানিরছড়া, রাজারছড়া, রোজারঘোনা, মোচনি, রঙ্গিখালী, উলুচামারী, লেচুয়াপ্রাং, পানখালী, সিকদারপাড়া, মিনাবাজার, রক্ষ্যইম, লম্বাঘোনা, আমতলি, নোয়াখালী, কচ্চপিয়া, বড়ডেইল, হলবনিয়া, আছারবনিয়া ও শামলাপুর পাহাড়ি এলাকায় বসতি গড়ে তুলেছে। কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জি এম মোহামঞ্চদ কবির প্রথম আলোকে বলেন, টেকনাফের পাহাড়ে অবৈধভাবে বসতি স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। অস্ত্র, লোকবল ও যানবাহনের সংখ্যা খুবই কম থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।