পাহাড় কেটে তৈরি হয়েছে ৪০০ নতুন ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ছয়টি উঁচু পাহাড় কেটে নতুন করে তৈরি হয়েছে প্রায় ৪০০ অবৈধ ঘরবাড়ি। বিএনপিসহ ১৮ দলের টানা হরতাল-অবরোধ কর্মসূচি মোকাবিলা ও নির্বাচন নিয়ে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ব্যস্ত থাকার সুযোগে পাহাড়নিধনের কাজ চলছে।
গতকাল সোমবার দুপুরে শহরের হিলটপ সার্কিট হাউস, লাইট হাউস, আদর্শগ্রাম, কলাতলী, পাহাড়তলী ও লারপাড়া পাহাড় ঘুরে দেখা গেছে, উঁচু পাহাড় কেটে নতুন করে তৈরি হয়েছে প্রায় ৪০০ ঘরবাড়ি। অনেকে ঘরবাড়ি তৈরির জন্য পাহাড় কাটছেন। অনেকে কেটে ফেলা সমতল পাহাড়ি ভূমি চড়া দামে বিক্রি করছেন।
হিলটপ সার্কিট হাউস এলাকার বাসিন্দা কামরুল ইসলাম (৫২) বলেন, গত ১ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত উঁচু পাহাড় কেটে ৩৯৭টি ঘরবাড়ি তৈরি করা হয়েছে। এর আগে গত ছয় মাসে তৈরি করা হয়েছে আরও পাঁচ হাজার ঘরবাড়ি। বিএনপিসহ বিরোধী দলের টানা হরতাল-অবরোধ-নির্বাচন নিয়ে প্রশাসন ব্যস্ত থাকার সুযোগ নিয়ে ভূমিদস্যুরা পাহাড়নিধন চালাচ্ছেন।
কলাতলী এলাকার গিয়াস কামাল (৪৪) বলেন, গত রোববার কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নির্বাচন নিয়ে প্রশাসনের সবাই ব্যস্ত ছিলেন। এ সুযোগে পাহাড় কেটে অন্তত ১৪০টি নতুন ঘরবাড়ি তৈরি করা হয়েছে। ঢাকায় বসবাসকারী মহেশখালীর এক প্রভাবশালী ব্যক্তি শ্রমিক নিয়োগ দিয়ে বিশাল একটি পাহাড় কেটে ফেলেন।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, বিরোধী দলের হরতাল-অবরোধ কর্মসূচির সুযোগে বেশি পাহাড় কাটা হচ্ছে। আগে ভূমিদস্যুরা রাতে পাহাড় কাটলেও এখন চলছে দিনের বেলায়। এতে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, গত ২৫ ও ২৬ ডিসেম্বর এবং ২ জানুয়ারি শহরের কয়েকটি পাহাড় পরিদর্শন করে দেখা গেছে, একাধিক পাহাড় কেটে নতুন করে সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি তৈরি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সরদার শরীফুল ইসলাম আরও বলেন, গত আগস্ট মাসে শহরের ১৩টি উঁচু পাহাড় কাটার দায়ে ৭১ জন ভূমিদস্যুর বিরুদ্ধে তিনি বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক ১৩টি মামলা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের কেউ ধরা পড়েননি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, হরতাল-অবরোধ-নির্বাচন ও সন্ত্রাস দমনে যৌথ অভিযান নিয়ে পুলিশ ব্যস্ত থাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরা যাচ্ছে না।