পাহাড় কেটে তৈরি ১৫ পানের বরজ উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় কেটে পানের বরজ তৈরি করার সময় গত বুধবার থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ১৫টি বরজ উচ্ছেদ করেছেন বনকর্মীরা। এ ছাড়া গত বুধবার সকালে পাহাড়ের মাটিভর্তি একটি ট্রাক আটক করা হয়।গত বুধবার প্রথম আলোয় ‘মহেশখালীতে থেমে নেই পাহাড় কাটা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।মহেশখালী বন বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে উপজেলার ছোট মহেশখালী, শাপলাপুর ও কালারমারছড়া এলাকায় বনকর্মীরা অভিযান চালান। তাঁরা পানের বরজের জন্য পুঁতে রাখা বাঁশ, খুঁটি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় তাঁরা কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকা থেকে মাটিভর্তি একটি ট্রাক আটক করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান বলেন, পাহাড়ের মাটি বিক্রি ও অবৈধভাবে পানের বরজ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মহেশখালী আদালতে বন আইনে মামলা করা হয়েছে এবং পর্যায়ক্রমে পাহাড়ি এলাকায় অবৈধভাবে নির্মিত বসতবাড়ি ও পানের বরজ উচ্ছেদ করা হবে।